• facebook
  • twitter
  • youtube
Monday, 24 August, 2026

‘সমাজের সবথেকে বড় কুলাঙ্গার’, নাম না করে অনন্ত মহারাজকে কটাক্ষ বিজেপি বিধায়কের

অন্যদিকে অনন্ত মহারাজকে গ্রেপ্তার করা না হলেও এই ঘটনার পর থেকে তিনি বাড়ির বাইরে বের হচ্ছেন না। এবার সংবাদমাধ্যমের

‘সমাজের সবথেকে বড় কুলাঙ্গার’, নাম না করে অনন্ত মহারাজকে কটাক্ষ বিজেপি বিধায়কের

BJP MLA Ashim Sarkar Photo-SNS

নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে রাজ্য-রাজনীতিতে তৈরি হওয়া বিতর্কের মাঝেই বিজেপির অন্দরের কোন্দল প্রকাশ্যে চলে এলো। ফুলিয়ার একটি সামাজিক কর্মসূচিতে গিয়ে নাম না করে দলেরই রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজকে ‘সমাজের সবথেকে বড় কুলাঙ্গার’ বলে তীব্র আক্রমণ করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এই নিয়ে সোমবার জোর চর্চা শুরু হয়েছে বিজেপির অন্দরে। কারণ নাম না করে বললেও সবাই আক্রমণের তির কার দিকে সেটা বুঝে গিয়েছেন। তার উপর এই কাজের জন্য আগেই ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ। এমনকী নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ পুরষ্কার ফিরিয়ে নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। তারপরও সেই রেশ কাটল না।

ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অসীম সরকার কিছু বিধায়ক এবং সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নও তুলে দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাজবংশী সম্প্রদায়ের মানুষ হওয়ার অজুহাতে স্কুলে না যাওয়া এবং নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা ব্যক্তি সম্পর্কে কথা বলাও অপ্রয়োজনীয়।’ যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তবুও প্রেক্ষাপট এবং বক্তব্যের ধরণ দেখে রাজনৈতিক মহলের স্পষ্ট ইঙ্গিত, অসীম সরকার নিশানায় ছিলেন বিজেপিরই রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ।

এদিকে সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে অনন্ত মহারাজ লাগাতার কুকথা বলে যাচ্ছিলেন। সেইসব বক্তব্যের স্বপক্ষে দিচ্ছিলেন সাফাইও। নেতাজির বিরুদ্ধে কুৎসা ছড়াতে নিষেধ করে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর ভিডি বার্তায় ক্ষমা চেয়ে নেন তিনি। অনন্ত মহারাজ দাবি করেছিলেন, ভারতের স্বাধীনতা লাভে নেতাজির কোনও অবদান ছিল না। এমনকী আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছিলেন নেতাজি। এইসব মন্তব্য করতেই গোটা দেশে তীব্র বিতর্ক তৈরি হয়। আর তাতে বিজেপিরও ভাবমূর্তি ব্যাপক ধাক্কা খায়। যদিও দেশনায়ককে অপমান করার জেরে তাঁকে গ্রেপ্তার করা হয়নি।

অন্যদিকে অনন্ত মহারাজকে গ্রেপ্তার করা না হলেও এই ঘটনার পর থেকে তিনি বাড়ির বাইরে বের হচ্ছেন না। এবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অসীম সরকার সুর চড়িয়ে বলেন, ‘নেতাজির অপমান আমি কোনওভাবেই মেনে নিতে পারছি না। এই বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। নেতাজিকে অপমান যে বা যারা করেছে তারা ‘সমাজের সবথেকে বড় কুলাঙ্গার’।’ মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনেও ক্ষোভ উগরে দেন তিনি। নেতাজিকে কেন্দ্র করে দলের অন্দরে বিধায়কের এই প্রকাশ্য তোপ অনন্ত মহারাজের উপর চাপ বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।