• facebook
  • twitter
  • youtube
Saturday, 27 June, 2026

কাঁকিনাড়া জুট মিল খুলছে ১ জুলাই থেকে, সমাজমাধ্যমে পোস্ট লকেটের

কদিন আগে জগদ্দলের একটি বন্ধ জুটমিল খুলে দিয়েছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তখনই বার্তা দিয়েছিলেন ধীরে ধীরে রাজ্যের সব বন্ধ চটকল খুলে দেওয়া হবে

কাঁকিনাড়া জুট মিল খুলছে ১ জুলাই থেকে, সমাজমাধ্যমে পোস্ট লকেটের

রাজ্যে শিল্প ফেরাতে হবে। বন্ধ কলকারখানা খুলতে হবে। তবেই কর্মসংস্থানের দুয়ার খুলে যাবে। আর সেটা হলে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীরা কাজ পাবেন। সেটা হলে রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে হবে না। বিধানসভা নির্বাচনের আগে এই কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতারা। এখন রাজ্যে পালাবদল হতেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বণিকসভার সম্মেলনে ১৬০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন। আর তার মধ্যেই বন্ধ জুটমিল খুলে যাচ্ছে বলে সুখবর দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

শনিবার এই জুটমিল খুলে যাওয়ার একটি সুখবর সমাজমাধ্যমে পোস্ট করেছেন লকেট চট্টোপাধ্যায়। সেই পোস্ট থেকে জানা যাচ্ছে, বন্ধ থাকা কাঁকিনাড়া জুটমিল খুলে যাচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। কারণ আর তিন মাসের পর দুর্গাপুজো। তার আগে কাজ ফিরে পেলে উৎসবে মেতে উঠতে পারবেন শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা। আগামী ১ জুলাই থেকে খুলে যাচ্ছে কাঁকিনাড়া জুটমিল। সুতরাং কাজে ফিরতে চলেছেন শ্রমিকরা। আর তার জেরে প্রায় ৩ হাজার শ্রমিক কাজ ফিরে পেতে চলেছেন।

Locket Chatterjee Post

কদিন আগে জগদ্দলের একটি বন্ধ জুটমিল খুলে দিয়েছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তখনই বার্তা দিয়েছিলেন ধীরে ধীরে রাজ্যের সব বন্ধ চটকল খুলে দেওয়া হবে। এবার কাঁকিনাড়া জুটমিল খুলে দেওয়ার বার্তা দিলেন লকেট চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে লকেট লিখেছেন, ‘ফিরছে শিল্প, ফিরছে কর্মসংস্থানের আশা। ১লা জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে কাঁকিনাড়া জুট মিল। এর ফলে হাজার হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনে ফিরবে নতুন আশার আলো, পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও আসবে নতুন গতি। শিল্পের পুনর্জাগরণই সমৃদ্ধ বাংলার ভিত্তি।’

তাছাড়া রাজ্য সরকার ১ লক্ষ শূন্যপদে নিয়োগ করতেও চলেছে। চালু হয়েছে একাধিক সামাজিক প্রকল্প। যা আগে থাকলেও সেখানে যে পরিমাণ অর্থ দেওয়া হতো তা দ্বিগুণ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্য বাজেটে সেটা তুলেও ধরা হয়েছে। এবার কাঁকিনাড়া জুটমিল খোলা নিয়ে লকেট চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে লিখলেন, ‘১লা জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে কাঁকিনাড়া জুটমিল। প্রায় ৩,০০০ শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনে ফিরছে নতুন আশার আলো। এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিকেও দেবে নতুন গতি। পশ্চিমবঙ্গে শিল্পের নবজাগরণই বিজেপির লক্ষ্য।’