• facebook
  • twitter
Tuesday, 10 February, 2026

আরজি কর দুর্নীতি মামলায় আত্মসমর্পণ আখতার আলির, জেল হেফাজতে পাঠাল আদালত

সিবিআই দাবি করে, আখতারও দুর্নীতিতে যুক্ত, তাঁর বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিনিই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কাঠগড়ায় তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এ বার সেই আর্থিক দুর্নীতি মামলাতেই জেল হেফাজতে পাঠানো হল আখতারকে। মঙ্গলবারই তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
আদালতের তরফে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বারবার হাজিরা এড়ানোয় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে এদিন আদালতে কড়া প্রশ্ন করে সিবিআই। মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তিনি হাজির হলে তদন্তকারী সংস্থার আইনজীবী সরাসরি প্রশ্ন তোলেন, মিডিয়ার সামনে কথা বলার সময় আখতার সুস্থ থাকলেও আদালতে হাজিরা দিতে পারছিলেন না কেন?
উল্লেখ্য, আখতারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল আদালত। পরোয়ানা জারির ২৪ ঘণ্টার মধ্যেই তিনি শনিবার আদালতে এলেও আত্মসমর্পণ করেননি। সে দিন আদালত বন্ধ হয়ে যাওয়ায় প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে দাবি করা হয়। তিনি জানান, সোমবার আত্মসমর্পণ করবেন। কিন্তু সোমবার দিনভর সিবিআই আদালতে উপস্থিত থাকলেও আখতার আদালতে যাননি। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হন তিনি। অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানান। কিন্তু সেই আবেদন খারিজ করে তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
এদিন আদালতে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত অভিযোগ করেন, আখতার ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘায়িত করছেন এবং আদালতের নির্দেশ অমান্য করেছেন। তাঁর দাবি, দুর্নীতির শিকড় আরও গভীরে এবং সেই সংক্রান্ত নথি আদালতে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি সঞ্জয় স্পষ্ট করেন, এই মামলায় তাঁর মক্কেলের কোনও ভূমিকা নেই।সিবিআই আখতারের জেল হেফাজতের আবেদন জানিয়েছে।
আখতারের অসুস্থতার যুক্তি খারিজ করে তদন্তকারী সংস্থা জানায়, বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি হাজিরা দেননি। সিবিআইয়ের অভিযোগ, অসুস্থতাকে সামনে রেখে আখতার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন, যা খারিজ হয়ে যায়। উল্লেখযোগ্যভাবে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন এই আখতার আলিই। তবে তদন্তে নেমে সিবিআই দাবি করে, আখতারও দুর্নীতিতে যুক্ত, তাঁর বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে।

Advertisement

Advertisement