• facebook
  • twitter
Tuesday, 10 February, 2026

কয়লা পাচার মামলায় গ্রেপ্তার ২ ব্যবসায়ী

ধৃত ব্যবসায়ীরা হলেন কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডল

প্রতীকী চিত্র

কয়লা পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার দুই কয়লা ব্যবসায়ী। ধৃত ব্যবসায়ীরা হলেন কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডল। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত লালার ঘনিষ্ঠ হলেন চিন্ময় মণ্ডল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার গভীর রাতে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ইডি। জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে খবর। এরপরেই কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডলকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে।

গত কয়েকদিনে একাধিক ব্যবসায়ীকে জেরা করেছে ইডি। সেই সূত্রেই চলতি মাসের তিন তারিখ আসানসোলের রানিগঞ্জ ও জামুরিয়া-সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চলে একাধিক ব্যবসায়ীর বাড়িতেই। জামুরিয়ার এক ব্যবসায়ীর বাড়ির গুদামঘর থেকে প্রায় দেড় কোটি টাকা নগদ উদ্ধার করা হয়। সেদিনই বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা।

Advertisement

সেই মামলাতেই সোমবার মনোরঞ্জন মণ্ডলকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও তিনি হাজিরা দেননি বলেই খবর। একইসঙ্গে তলব করা হয় দুই কয়লা ব্যবসায়ী কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডলকেও। দফায় দফায় দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে ইডি সূত্রে খবর। ধৃত কিরণ এক সময় কয়লা মাফিয়া হিসাবে কাজ করলেও পরবর্তী ক্ষেত্রে কয়লা ব্যবসায়ী হয়ে ওঠেন বলে জানা গিয়েছে। আর চিন্ময় মণ্ডল কয়লা মাফিয়া লালা ঘনিষ্ঠ বলে খবর। দুজনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন আধিকারিকরা। কয়লা পাচারের টাকা কার কার কাছে গিয়েছে তাও জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

 

Advertisement