• facebook
  • twitter
Tuesday, 10 February, 2026

আগামী সপ্তাহে ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

যোগ দেবেন এআই ইমপ্যাক্ট সামিটে

আগামী সপ্তাহে তিন দিনের সরকারি সফরে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই সফর করবেন বলে মঙ্গলবার জানাল ভারতের বিদেশ মন্ত্রক।

সফরকালে ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটেও যোগ দেবেন ফরাসি প্রেসিডেন্ট। ওই দিন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন ম্যাক্রোঁ। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ‘হরাইজন ২০৪৭ রোডম্যাপ’-এর আওতায় দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি আলোচনায় থাকবে।

Advertisement

প্রসঙ্গত, ফ্রান্স এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী মোদি যে ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এর ঘোষণা করেছিলেন, সেটিই ১৯ ও ২০ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত–ফ্রান্স নেতৃত্ব পর্যায়ে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়েও আলোচনা হবে। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে। সফরকালে দুই নেতা মুম্বইতেও যাবেন এবং যৌথভাবে ‘ইন্ডিয়া–ফ্রান্স ইয়ার অব ইনোভেশন’-এর উদ্বোধন করবেন, যা ২০২৬ জুড়ে দুই দেশেই পালিত হবে।

Advertisement

ম্যাক্রোঁর এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদি ফ্রান্স সফর করেছিলেন। বিদেশ মন্ত্রকের মতে, এই সফর ভারত–ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের গভীরতা, পারস্পরিক আস্থা এবং সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকেই তুলে ধরে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি ও ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই সময়ই তিনি ফেব্রুয়ারিতে ভারতে আসার কথা নিশ্চিত করেন। ২০২৪ সালে জয়পুর সফরের একটি ছবি এক্স-এ পোস্ট করে ম্যাক্রোঁ লিখেছিলেন, ‘২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের সেই স্মরণীয় মুহূর্ত আজও মনে আছে। প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। একসঙ্গে এগিয়ে চলার লক্ষ্যে ফেব্রুয়ারিতে আবার দেখা হবে।’

গত নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি ও ম্যাক্রোঁর বৈঠক হয়। সেই বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি এক্স-এ লেখেন, ‘জি২০ সম্মেলনে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ আনন্দদায়ক ছিল। নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত–ফ্রান্স সম্পর্ক বিশ্বকল্যাণের একটি শক্তিশালী ভিত্তি।’

এছাড়া, গত সেপ্টেম্বরেও দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনা হয়। সেই সময় দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় ইউক্রেন সংঘাত-সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হয়।

Advertisement