• facebook
  • twitter
  • youtube
Sunday, 29 November, 2026

রেললাইনে উদ্ধার কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির রক্তাক্ত দেহ, ঘনাচ্ছে রহস্য

​পুলিশ প্রবীরের মেয়ে ও ভাই সুবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছে। পরিবার সূত্রের খবর, প্রবীরের স্ত্রীয়ের আগেই মৃত্যু হয়েছিল। এদিন বাড়ি থেকে বেরোনোর আগে তিনি একটি চিঠি লিখে গিয়েছিলেন। তাঁর মেয়ে পুলিশকে জানিয়েছেন, সেই চিঠিতে লেখা ছিল তাঁকে বালিগঞ্জ বা শিয়ালদহ জিআরপি এলাকায় খুঁজে পাওয়া যেতে পারে।

রেললাইনে উদ্ধার কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির রক্তাক্ত দেহ, ঘনাচ্ছে রহস্য

File Photo

রেললাইন থেকে উদ্ধার কলকাতা পুলিশের এক প্রাক্তন ডেপুটি কমিশনারের (ডিসি) রক্তাক্ত দেহ। মৃতের নাম প্রবীর কুমার চট্টোপাধ্যায় (৭৩)। শনিবার সন্ধ্যায় শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝে রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই প্রাক্তন পুলিশ কর্তা।

রেল পুলিশ সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় যাদবপুর স্টেশন মাস্টারের তরফে যাদবপুর জিআরপি থানায় একটি মেমো পাঠানো হয়। এক রেলযাত্রীর কাছ থেকে খবর আসে, বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মধ্যবর্তী ১০/১২ এবং ১০/১৪ নম্বর কিলোমিটার পোস্টের মাঝে রেললাইনের ধারে এক বৃদ্ধের দেহ পড়ে রয়েছে। খবর পেয়েই যাদবপুর জিআরপি ঘটনাস্থলে পৌঁছয়।

​পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, আপ শিয়ালদহগামী একটি লোকাল ট্রেনের সামনে হঠাৎই প্রবীর কুমার চলে আসেন। ট্রেনের চালক পুলিশকে জানিয়েছেন, আচমকা ওই ব্যক্তি লাইনের ওপর উঠে পড়ায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মৃতের পরিচয় শনাক্ত হলে জানা যায়, তিনি কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি ছিলেন।

​পুলিশ প্রবীরের মেয়ে ও ভাই সুবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছে। পরিবার সূত্রের খবর, প্রবীরের স্ত্রীয়ের আগেই মৃত্যু হয়েছিল। এদিন বাড়ি থেকে বেরোনোর আগে তিনি একটি চিঠি লিখে গিয়েছিলেন। তাঁর মেয়ে পুলিশকে জানিয়েছেন, সেই চিঠিতে লেখা ছিল তাঁকে বালিগঞ্জ বা শিয়ালদহ জিআরপি এলাকায় খুঁজে পাওয়া যেতে পারে।

প্রবীরের ভাই সুবীর চট্টোপাধ্যায় যাদবপুর জিআরপি থানায় গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক শিয়ালদহ জিআরপির এক আধিকারিক বলেছেন, ‘মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আগামীকাল দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’ তদন্ত নেমে পুলিশের প্রাথমিকভাবে অনুমান, প্রবীর আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে গালিগালাজের অভিযোগ, গ্রেপ্তার কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট  

পুলিশ সূত্রের খবর, ঘর থেকে উদ্ধার হওয়া ওই চিঠির লেখা প্রবীরের কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। যদি তিনি আত্মহত্যা করে থাকেন তাহলে কেন করলেন এর পিছনে কী কারণ রয়েছে সেইসব প্রশ্নের উত্তরই পুলিশ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে। পরিবারের লোকজনের সঙ্গেও পুলিশ কথা বলছে। রেল পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।