• facebook
  • twitter
  • youtube
Sunday, 29 November, 2026

২০১৪ সালের পর লস অ্যাঞ্জেলেসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ৪০টিরও বেশি আফটারশক, কম্পনের মাত্রা ৫

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় গতিপথ বদলাতে বাধ্য হয় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান

২০১৪ সালের পর লস অ্যাঞ্জেলেসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ৪০টিরও বেশি আফটারশক, কম্পনের মাত্রা ৫

Image: ANI

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প। শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেস-সহ বিস্তীর্ণ এলাকা। কম্পনের মাত্রা ছিল ৫। পরবর্তী সময় কমপক্ষে ৪০টির মতো আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় গতিপথ বদলাতে বাধ্য হয় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান।

আমেরিকার ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ম্যানহাটন বিচের প্রায় ৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১২.২ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। বেলা ১১টা ৪১ মিনিটে ৪.৫ মাত্রার আরও একটি কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের সময় এলএএক্স বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান। কম্পন অনুভূত হতেই অবতরণ বাতিল করে ফের আকাশে উঠে যায় বিমানটি। বিমানবন্দরের ভিতরে যাত্রীদের অনেকে টেবিলের নীচে আশ্রয় নেন। বিভিন্ন জায়গায় সিলিংয়ের টাইলস খুলে পড়ে এবং জানালার কাচ ভাঙার খবর পাওয়া যায়। তবে বিমানবন্দরের রানওয়ে পরীক্ষা করে কোনও সমস্যা পাওয়া যায়নি। বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে। হতাহতের খবর নেই।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত ১৩, নিহতদের মধ্যে ৪ শিশু

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, দমকল বিভাগের তরফে দু’দফায় ক্ষয়ক্ষতি পর্যালোচনা করা হয়েছে। কয়েকটি জানালার কাচ ভাঙা এবং সিলিংয়ের টাইলস আলগা হয়ে যাওয়ার ঘটনা ঘটলেও গুরুত্বপূর্ণ পরিকাঠামোর বড় কোনও ক্ষতি হয়নি। বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবাও স্বাভাবিক রয়েছে।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ভূকম্পবিদেরা অন্তত ৪০টি আফটারশকের কথা বলেছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যানহাটন বিচের পিয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। সান্তা মনিকা, রেডন্ডো বিচ এবং পাসাডেনা-সহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে অরেঞ্জ কাউন্টিতে ৫.১ মাত্রার ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস অঞ্চলে এটিই সবচেয়ে শক্তিশালী কম্পন।

ভূমিকম্পের পর আরও আফটারশক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে আরও বড় ভূমিকম্প হতে পারে। সাধারণ সময়ের সঙ্গে আফটারশকের সংখ্যা ও তীব্রতা কমে যায়। পরিস্থিতির উপর নজর রাখতে লস অ্যাঞ্জেলেসে জরুরি অপারেশন সেন্টার সক্রিয় করা হয়েছে। বাসিন্দাদের ভূমিকম্প সতর্কীকরণ অ্যাপ ‘মাইশেক’ ডাউললোড, জরুরি সামগ্রী মজুত এবং ভারী আসবাবপত্র সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন মেয়র। কম্পন অনুভূত হলে ‘ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন’ পদ্ধতি মেনে নিরাপদ আশ্রয় নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন: