একবিংশ শতাব্দীতেও আমাদের রাজ্যে ছুটি সংস্কৃতি লেখাপড়া এবং কাজের ভীষণ ক্ষতি করছে। মহাপুরুষের জন্মদিন, জাতীয় দিবসে ছুটি দিয়ে কীভাবে শ্রদ্ধা ও সম্মান নিবেদন করা হয়, তা ছোট্ট মাথায় কিছুতেই ঢোকে না। কবিগুরুর জন্মদিন, ১৫ আগস্ট, ২৬ জানুয়ারি স্কুল-কলেজে অতি সামান্য উপস্থিতিতে নিয়মরক্ষার মতো কিছু করা হয়। আমাদের পরবর্তী প্রজন্ম রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি, গান্ধীজি, বিবেকানন্দ, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে কতটুকু জানে! অফিসে কাজ করা শিক্ষিত সমাজের এ সম্বন্ধে কতটুকু ধারণা আছে, সেটাও প্রশ্নচিহ্নের সম্মুখীন! তাই ছুটি না দিয়ে এইসব দিনগুলোতে সমস্ত প্রতিষ্ঠানে আবশ্যিক উপস্থিতির মাধ্যমে দিনটি সুপরিকল্পিতভাবে উদযাপন করা হোক। দিনটির বৈশিষ্ট্য, গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা নিয়ে গভীর আলোচনা হোক। এতে বর্তমান প্রজন্ম মহাপুরুষের বাণীর পরশে উদ্বুদ্ধ হতে পারবে। এঁদের সম্বন্ধে জানবে এবং জানার আগ্রহ বাড়বে।
শিক্ষাব্যবস্থা ভেঙে পড়া মানে একটি জাতির বিলুপ্তি। আমাদের রাজ্য তো বেশ কিছু কাল সেই পথে হাঁটছিল! বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন চলছে। আমাদের প্রাত্যহিক ভুলে এগুলো ক্রমবর্ধমান। তাই গরম বাড়ছে এবং গ্রীষ্মকালের পরিধিও বাড়ছে। গরমকে সঙ্গে নিয়ে, মানিয়ে নিয়ে বাঁচতে হবে। তাই বলে গরমকে কেন্দ্র করে দীর্ঘ দেড় দশক যে হারে স্কুলের ছুটি বেড়েছে, তাতে শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং শিক্ষানুরাগী জনগণের প্রবল ক্ষোভের প্রকাশ পরিলক্ষিত হয়েছে। স্মৃতিপটে ভেসে উঠল ছোটবেলার কথা। আজ থেকে পাঁচ দশক আগে, গরমকালে মাস দেড়েক সকালে স্কুল হতো। বড্ড আনন্দে কাটত সময়টা। সকালে স্কুলের মজাই ছিল আলাদা। ভোর হলেই মুড়ির কৌটো বইয়ের ব্যাগে ঢুকিয়ে ছুটতাম স্কুলে। ফেরার পথে পরের বাগানে আম পাড়া, বাড়ি এসে পুকুরে সাঁতার কাটা— এগুলো নিয়মিত হতো। রোদ, বর্ষা, শীতকে গায়ে মেখেই বড় হয় গ্রামের ছেলেমেয়েরা। যতদূর মনে পড়ছে, তখন গ্রীষ্মের দাবদাহ এতটা ছিল না। কিন্তু তখন গ্রামে বিদ্যুৎ ছিল না। আলো, বাতাসের জন্য মানুষ ছিলেন প্রকৃতির উপর নির্ভরশীল। রাতে হ্যারিকেন, লণ্ঠনের আলোতেই লেখাপড়া করতে হতো। অনেক দিন পর এ বছর শিক্ষা দপ্তরের সকালের স্কুলের বিজ্ঞপ্তি দেখে খুব ভালো লাগল।
একসময় শিক্ষা দপ্তর বছরে প্রত্যেক স্কুলে কত দিন ছুটি থাকবে, সেই সংখ্যা জানিয়ে দিত। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে স্কুলের সারা বছরের ছুটির তালিকা প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের সহায়তায় তৈরি করতেন। সেই তালিকা স্কুলের পরিচালন সমিতির অনুমোদনের পর সংশ্লিষ্ট ডিআইয়ের অনুমোদন করিয়ে আনতে হতো। সারা বছর সেই তালিকা অনুযায়ী স্কুল ছুটি থাকত। এতে অনেক সুবিধা ছিল। প্রথমত, বিভিন্ন জায়গায় স্থানীয় উৎসব উপলক্ষে ছুটি দেওয়া সম্ভব হতো। দ্বিতীয়ত, গ্রামের স্কুলে গ্রীষ্মাবকাশ খুব বেশি দরকার
হয় না।
সেখানে বর্ষায় চাষের কাজে ছুটি দরকার। গ্রামের ছেলেরা চাষের কাজে অভিভাবককে নানাভাবে সাহায্য করে। তাই ছুটিটা কাজে লাগে। তৃতীয়ত, পুজোর ছুটি দু’ভাগে ভাগ করে নেওয়ার সুযোগ থাকে। সবচেয়ে বড় কথা, শিক্ষকরা নির্দিষ্ট জায়গার ও ছাত্রছাত্রীদের সুবিধা-অসুবিধা মাথায় রেখে ছুটির তালিকা তৈরি করেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কাজ শিক্ষাদপ্তরের পক্ষে করা সম্ভব নয়।
গত কয়েক বছর ধরে প্রচণ্ড গরমের জন্য সরকারি, সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আসছিল। পরবর্তী সময়ে সেটা আবার বেড়ে যাচ্ছিল। গ্রীষ্মাবকাশ এগিয়ে আনা এবং বাড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ছুটি কমানোর দাবি উঠেছে ছাত্র, শিক্ষক, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী মহলেও। আমাদের রাজ্যে ৮০ শতাংশ স্কুলপড়ুয়া সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশোনা করে। তথ্য বলছে, মধ্যবিত্ত এবং তার নিচে অবস্থিত পরিবারের ছেলেমেয়েরা স্বভাবত রাজ্য সরকারের স্কুলে পড়ে। এদের অনেকের টিউশনের সুযোগ কম। এরা মূলত স্কুলের পড়াশোনার উপর নির্ভরশীল। বছরে যত বেশি দিন স্কুল খোলা থাকবে, তত এদের লাভ।
এই প্রসঙ্গে একথা বললে অত্যুক্তি হবে না যে, সরকারি স্কুলের পরিকাঠামো এবং পঠন-পাঠনের মান নিম্নমুখী। অধিকাংশ স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা অনেক কম। এজন্য কোনও কোনও জায়গায় স্কুল বন্ধ হয়ে গেছে ও যাচ্ছে। সরকারি স্কুলের মানোন্নয়ন না হলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের শিক্ষার আলোকে আলোকিত করা সম্ভব হবে না।
সবকিছু গোলমাল করে দিচ্ছিল রাজ্যের ছুটি সংস্কৃতি। কোথাও রাজনৈতিক মিটিং হলে স্কুল বন্ধ করে সেখানে পার্টির লোকজনের থাকা-খাওয়ার ব্যবস্থা হয়। শিক্ষকদের বিভিন্ন কাজে লাগানো স্কুলশিক্ষার প্রভূত ক্ষতি করেছে। রাজ্যের শিক্ষাব্যবস্থার প্রতি এ ধরনের অনৈতিক আচরণে দেশের ভবিষ্যৎ প্রজন্মের বিরাট ক্ষতি হচ্ছে। অতিমারিতে ক্ষতিগ্রস্ত শিক্ষাজগৎ ধ্বংস হয়ে যাচ্ছিল অতিরিক্ত ছুটির কল্যাণে। স্কুলছুটের সংখ্যা বাড়ছিল। আমরা চাই রোদ, বৃষ্টি, শীত জয় করা সুস্বাস্থ্যের অধিকারী ছাত্রসমাজ। তারা বাড়িতে বসে থাকলে এসবের স্বাদ পাবে কী করে! এ রাজ্যে সব শিশুকে শিক্ষার উপযুক্ত পরিবেশ দেওয়ার জন্য এবং ছুটি সংস্কৃতি বন্ধ করার জন্য কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রাজ্যের সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটির কারণে কর্মসংস্কৃতি নষ্ট হচ্ছে কি না, তা নিয়ে প্রশাসনিক ও সামাজিক মহলে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। তবে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কর্মসংস্কৃতি ফেরাতে সরকারি কর্মীদের বার্ষিক ছুটির সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছেন। শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি বছরে প্রায় ৫০ দিন সরকারি ছুটি থাকায় দপ্তরগুলিতে বহু ফাইল ও জরুরি কাজ বকেয়া পড়ে থাকে বলে অভিযোগ ওঠে। টানা ছুটির কারণে প্রশাসনিক ধারাবাহিকতা নষ্ট হয় এবং সাধারণ মানুষকে পরিষেবা পেতে ভোগান্তিতে পড়তে হয়। দেওয়ানি ও ফৌজদারি আদালতগুলিতে উৎসব ও অবকাশকালীন দীর্ঘ ছুটির ফলে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এবং বিচারাধীন মামলার সংখ্যা বাড়ছে। এ ছাড়া শিল্পমহল ও নীতিনির্ধারকদের একাংশের মতে, রাজ্যে অতিরিক্ত ছুটির দিন থাকলে বাইরের বিনিয়োগকারীদের কাছে রাজ্যের কর্মসংস্কৃতি সম্পর্কে নেতিবাচক বার্তা যায়। দীর্ঘ সময় ধরে মহার্ঘ ভাতা (ডিএ) বা কেন্দ্রের সঙ্গে বেতন কাঠামোর বৈষম্যকে ‘ছুটি বাড়িয়ে ক্ষতিপূরণের চেষ্টা’ বলে একটা কথা শাসকদল ও কর্মচারীদের মুখে শোনা যেত।
এ কথা অনস্বীকার্য, কেবল ছুটি কমিয়ে রাজ্যে কর্মসংস্কৃতি ফেরানো সম্ভব নয়। শূন্যপদে নিয়োগ, আধুনিক পরিকাঠামো এবং কাজের সঠিক পরিবেশ নিশ্চিত করা না হলে উৎপাদনশীলতা বাড়ানো কঠিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক কাজে গতি আনতে ২০২৭ সালের ছুটির তালিকা থেকে প্রায় ১০ দিন ছুটি ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে, শুধুমাত্র ছুটির দিন কমানোই নয়, বরং অফিস সময়ের সদ্ব্যবহার, নিয়মানুবর্তিতা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং কর্মীদের দায়বদ্ধতা নিশ্চিত করার মাধ্যমেই অফিস-আদালতে প্রকৃত কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা সম্ভব।




