উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএআই-এর পূর্বাঞ্চলীয় অঞ্চলের জেনারেল ম্যানেজার (অর্থ) ও ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাহী অধিকর্তা বি কে ভুঁইয়া, কলকাতা বিমানবন্দরের জেনারেল ম্যানেজার (পরিচালন) ও ভারপ্রাপ্ত বিমানবন্দর অধিকর্তা মনোজ বেহেরা-সহ বিভিন্ন বিভাগের প্রধান ও পদস্থ আধিকারিকরা।
সপ্তাহব্যাপী এই কর্মসূচির মূল লক্ষ্য বিমানবন্দরের কর্মী, বিমান সংস্থা এবং অন্যান্য অংশীদারদের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করা। এএআই-এর বার্তা, বিমান নিরাপত্তা কোনও একটি নির্দিষ্ট বিভাগের দায়িত্ব নয়। এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। সেই লক্ষ্যেই কলকাতা বিমানবন্দরে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন অংশীদারকে নিয়ে ‘এপ্রন সেফটি কমিটি’-র বৈঠক, রানওয়ে ও বিমান চলাচলের এলাকায় পড়ে থাকা অবাঞ্ছিত বস্তু শনাক্ত করতে বিশেষ অভিযান, নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং নিরাপত্তা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া কর্মীদের ‘সেফটি চ্যাম্পিয়ন’ সম্মান প্রদান।
বিমানবন্দরের সীমানা লাগোয়া এলাকাতেও সচেতনতা প্রচার চালানো হবে। লিফলেট বিলি করে স্থানীয় বাসিন্দাদের বিমান নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হবে। বিশেষ করে খোলা জায়গায় আবর্জনা ফেলা এবং মাংসের দোকান থেকে ফেলে দেওয়া বর্জ্যের কারণে এলাকায় পাখির আনাগোনা বাড়ে। এর ফলে উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষ বা ‘বার্ড স্ট্রাইক’-এর আশঙ্কা তৈরি হয়। এই ধরনের ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হবে।
এএআই-এর তরফে জানানো হয়েছে, বিমান নিরাপত্তা, পরিচালনগত উৎকর্ষ এবং সম্ভাব্য ঝুঁকি আগাম চিহ্নিত করে মোকাবিলার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখাই এই উদ্যোগের উদ্দেশ্য। ‘এভিয়েশন সেফটি অ্যাওয়ারনেস উইক’-এর মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় সকলের অংশগ্রহণ ও দায়িত্বশীলতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে।




