• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

বোমার জবাব বইয়ে! কলেজ স্ট্রিটের ট্রাম রাস্তায় বসে বিবেকানন্দের বই পড়ে প্রতিবাদ প্রৌঢ়ের

কলেজ স্ট্রিটে বইয়ের দোকান লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনার প্রতিবাদে শনিবার পথে নামলেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। হেদুয়া থেকে কলেজ

বোমার জবাব বইয়ে! কলেজ স্ট্রিটের ট্রাম রাস্তায় বসে বিবেকানন্দের বই পড়ে প্রতিবাদ প্রৌঢ়ের

কলেজ স্ট্রিটে বইয়ের দোকান লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনার প্রতিবাদে শনিবার পথে নামলেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন বহু মানুষ। তাঁদের হাতে ছিল বই। প্রতিবাদ কর্মসূচির মূল বার্তা, বইয়ের উপর হামলার জবাব দেওয়া হবে বই পড়ে এবং জ্ঞানচর্চার মাধ্যমে।

মিছিলের মধ্যেই কলেজ স্ট্রিটের ট্রাম রাস্তার উপর বসে বই পড়তে দেখা যায় মানিকতলার বাসিন্দা শম্ভু সরকার নামে এক প্রৌঢ়কে। তাঁর হাতে ছিল ‘স্বামী বিবেকানন্দ, মার্ক্‌সবাদীদের দৃষ্টিতে’ বইটি। তাঁর দাবি, পুজোর সময়ে যে সব বইয়ের দোকানে ভাঙচুর চালানো হয়েছিল, সেখান থেকেই বইটি কিনেছিলেন তিনি।

শম্ভু জানান, আদর্শগত ভাবে তিনি বামপন্থী হলেও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তাঁর বক্তব্য, স্বামী বিবেকানন্দকে বাঙালি যে ভাবে চেনে, সেই ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া যায় না। স্বামীজির ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত নিজেও বামপন্থী ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

শম্ভুর কথায়, “আমরা বাঙালি, স্বামী বিবেকানন্দকে যে ভাবে চিনি, সেই চেনা হঠাৎ কেউ বদলে দিতে পারবে না।” তাঁর দাবি, স্বামীজির পৈতৃক ভিটেয় ভূপেন্দ্রনাথ দত্তের বামপন্থী কার্যকলাপ সংক্রান্ত নথি এখনও সংরক্ষিত রয়েছে। যাঁরা স্বামী বিবেকানন্দের সঙ্গে মার্ক্সবাদের কোনও সম্পর্ক থাকতে পারে না বলে দাবি করছেন, তাঁদের উদ্দেশে এই প্রশ্নই তুলেছেন তিনি। বই পড়েই এই মানসিকতার প্রতিবাদ জানাতে রাস্তায় বসেছেন বলে জানান প্রৌঢ়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে এসএফআই এবং এবিভিপির মধ্যে উত্তেজনা ছড়ায়। পুলিশের অনুমতি নিয়ে ‘সংগ্রামী বইপত্র’ কর্মসূচির অংশ হিসাবে বইয়ের স্টল বসিয়েছিল এসএফআই। পরে পাল্টা স্টল বসায় এবিভিপিও। প্রথমে বামপন্থী বইয়ের স্টল বসানো নিয়ে আপত্তি জানানো হলেও পরে এবিভিপির সদস্যেরাও বই নিয়ে দোকান খোলেন।

অভিযোগ, সন্ধ্যার দিকে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। এসএফআই সদস্যদের লক্ষ্য করে ইট, ডিম ও জলের বোতল ছোড়ার অভিযোগ ওঠে। পরে চকোলেট বোমা ছোড়ার অভিযোগও সামনে আসে। সেই ঘটনার প্রতিবাদেই শনিবারের মিছিল ও অবস্থান কর্মসূচি।

শনিবারের কর্মসূচিতে এসএফআই, এআইডিএসও, আইসা-সহ একাধিক বামপন্থী ছাত্র সংগঠন অংশ নেয়। কলেজ স্ট্রিটে পৌঁছে অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, বই, জ্ঞানচর্চা এবং মতপ্রকাশের স্বাধীনতার উপর আক্রমণের প্রতিবাদ তাঁরা বইয়ের মাধ্যমেই জানাবেন।

এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “পরিকল্পিত ভাবে বইয়ের উপরে হামলা চালানোর ও বোমা মারার প্রতিবাদে মানুষ আজ রাস্তায় নেমেছে। এ ভাবে বইয়ের উপরে হামলা চালিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না।”

এআইডিএসওর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়ের অভিযোগ, বইয়ের দোকানে হামলা আসলে প্রগতিশীল ও গণতান্ত্রিক চিন্তার উপর আক্রমণ। তিনি জানান, আগামী ২৬ নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসে শ্রেণিকক্ষে শ্রেণিকক্ষে বইয়ের স্টল বসানোর কর্মসূচি নেওয়া হয়েছে। স্লোগান, ‘বোমা রুখতে তোমার প্রতিরোধ হোক বই’।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের সভা থেকেই ফের কলেজ স্ট্রিটে বইয়ের স্টল বসানোর ঘোষণা করেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, বইয়ের উপর হামলা যত বাড়বে, বই পড়া ও জ্ঞানচর্চার আন্দোলনও তত ছড়িয়ে পড়বে।