ফাইনাল হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। কিন্তু শুক্রবার ঢাকায় একটিও বল গড়াল না। প্রবল বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল দৃষ্টিহীনদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল। অথচ ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরেও চ্যাম্পিয়ন ঘোষণা করা হল পাকিস্তানকে। কারণ, প্রতিযোগিতার আগের ম্যাচগুলির ভিত্তিতে পাকিস্তানের নেট রান রেট ভারতের চেয়ে ভাল ছিল।
এই সিদ্ধান্তেই ক্ষোভে ফেটে পড়ে ভারতীয় শিবির। তাদের দাবি, ফাইনাল খেলা সম্ভব না হলে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত ছিল। এর প্রতিবাদে ট্রফি বিতরণ অনুষ্ঠান বয়কট করেন ভারতীয় ক্রিকেটাররা।
দৃষ্টিহীনদের ভারতীয় ক্রিকেট সংস্থার (CABI) দাবি, প্রতিযোগিতার ২৭ নম্বর ধারায় ফাইনাল অমীমাংসিত থাকলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সংস্থান রয়েছে। জানিয়েছে, প্রথমে বিশ্ব ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (WBCC) টেকনিক্যাল কমিটিও দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন করার সিদ্ধান্তে সম্মত হয়েছিল। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদলে দেওয়া হয়।
CABI-র অভিযোগ, WBCC-র টেকনিক্যাল কমিটির ডিরেক্টর এবং পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সভাপতি সুলতান শাহের হস্তক্ষেপে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সিদ্ধান্ত বদলানো হয়। এর ফলে পাকিস্তানকে একক চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বলে দাবি ভারতের।
CABI-র তরফে এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক প্রতিযোগিতার ফলাফল প্রভাবিত করার অগ্রহণযোগ্য চেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। তাদের মতে, এই ঘটনায় সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।
ভারতীয় দলের অধিনায়ক টি দুর্গা রাও এই সিদ্ধান্তে বেশ অসন্তুষ্ট। তাঁর বক্তব্য, ফাইনালে ম্যাচ রেফারি এসে তাঁদের জানিয়ে দেন, রান রেটের ভিত্তিতে পাকিস্তানকে চ্যাম্পিয়ন এবং ভারতকে রানার্স ঘোষণা করা হচ্ছে।
দুর্গা রাও বলেন, ‘আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছি। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ। আমরা তারই প্রতিবাদ করছি’।
CABI-র সচিব শৈলেন্দ্রও জানিয়েছেন, এই বিতর্কের সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনও ম্যাচ খেলতে চায় না ভারতীয় দল।
তাঁর প্রশ্ন, ‘বিশ্বের কোন দেশে নেট রান রেটের ভিত্তিতে ফাইনালের বিজয়ী নির্ধারণ করা হয়? নেট রান রেট ব্যবহার করা হয় যোগ্যতা অর্জনের পর্বে। ফাইনালের চ্যাম্পিয়ন নির্ধারণে নয়। এটা ফাইনাল ছিল’।
CABI-র চেয়ারম্যান মহান্তেশ কিভাদাসন্নভারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাজনক এবং ভারতীয় দলের প্রতি চরম অবিচার। টেকনিক্যাল কমিটি যখন দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করতে সম্মত হয়েছিল, তখন কী ভাবে সেই সিদ্ধান্ত বদলে পাকিস্তানকে একক চ্যাম্পিয়ন করা হল?’
ভারতীয় সংস্থার দাবি, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়া উচিত। প্রশাসনিক সিদ্ধান্ত বা বিতর্কিত নিয়মের ব্যাখ্যার মাধ্যমে নয়। তাই পাকিস্তানের একক চ্যাম্পিয়ন হওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে ভারত ও পাকিস্তানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার দাবি জানিয়েছে CABI। উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম দৃষ্টিহীনদের ক্রিকেটে এশিয়া কাপ জিতেছিল ভারত। এ বারও ফাইনালে পৌঁছে খেতাব ধরে রাখার লড়াইয়ে ছিল তারা।




