• facebook
  • twitter
  • youtube
Friday, 20 November, 2026

বাংলাদেশে ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িতে ফের ভাঙচুরের অভিযোগ, সরব বিজেপি

বাংলাদেশের রাজশাহীতে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িতে ফের ভাঙচুরের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার

বাংলাদেশে ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িতে ফের ভাঙচুরের অভিযোগ, সরব বিজেপি

File Photo

বাংলাদেশের রাজশাহীতে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িতে ফের ভাঙচুরের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার রাজশাহীর মিঞাপাড়ায় অবস্থিত ঐতিহাসিক বাড়িটির একটি পাঁচিল ভেঙে ফেলা এবং সংলগ্ন একটি বটগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই বাংলার সংস্কৃতিমহলে ক্ষোভ তৈরি হয়েছে। এবার বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞ।

বিজেপির বক্তব্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ যতদিন সজাগ থাকবে এবং প্রতিবাদে সরব হবে, ততদিন বাঙালি হিন্দু ঐতিহ্যকে মুছে ফেলা সম্ভব নয়। বিজেপি পশ্চিমবঙ্গের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি ভাঙার চেষ্টার নিন্দা করা হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, ঋত্বিক ঘটকের জন্মভূমি পূর্ববঙ্গই ছিল তাঁর চলচ্চিত্রের অন্যতম প্রাণস্পন্দন। দেশভাগের পর উদ্বাস্তুদের যন্ত্রণা, শিকড়ের সন্ধান এবং ভিটেমাটির প্রতি গভীর টান তাঁর ছবিতে বারবার উঠে এসেছে। নিজের পূর্ববঙ্গীয় শিকড় নিয়েও বরাবর গর্ব প্রকাশ করেছেন পরিচালক। অথচ ২০২৪ সাল থেকেই রাজশাহীতে তাঁর পৈতৃক বাড়িটির উপর একের পর এক আক্রমণের অভিযোগ উঠছে। গত ১৮ নভেম্বরও সেখানে নতুন করে হামলা চালানো হয়েছে বলে দাবি বিজেপির। তাদের মতে, বারবার বাড়িটি ধ্বংস করার চেষ্টা আসলে সুপরিকল্পিত সাংস্কৃতিক নাশকতা।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আবহে এই ঘটনা সামনে আসায় উদ্বেগ বেড়েছে দুই বাংলার চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে। বাড়িটি অবিলম্বে সংরক্ষণের দাবি উঠেছে। আন্দোলনকারীদের অভিযোগ, ২০২৪ সাল থেকেই ঐতিহাসিক বাড়িটি পুরোপুরি নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। যদিও ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মহম্মদ খালেদ নতুন করে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ২০২৪ সালে ওই চত্বরে থাকা রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ একটি বটগাছ কেটেছিল। সেই সময়ই পাঁচিলটি ভেঙে পড়ে এবং পরে আর তা মেরামত করা হয়নি।

অন্যদিকে, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা ও আইসিটি) নাহারুল ইসলাম জানিয়েছেন, নিয়মিত পরিষ্কারের কাজ চলার সময় অসাবধানতাবশত পাঁচিলটি ভেঙে পড়েছে বলে কলেজ কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে। আপাতত ওই এলাকায় সমস্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯২৫ সালে ঢাকায় জন্ম ঋত্বিক ঘটকের। তাঁর বাবা জেলাশাসক হিসেবে বদলি হয়ে রাজশাহীতে আসার পর শৈশব কেটেছিল মিঞাপাড়ার এই বাড়িতেই। পরবর্তী সময়ে বাড়িটির সামনের অংশে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ গড়ে ওঠে। তবে পিছনের অংশে ঋত্বিক ও তাঁর পরিবারের ব্যবহৃত কয়েকটি ঘর এবং একটি টিউবওয়েল সংরক্ষিত ছিল। দীর্ঘদিন ধরেই পরিচালকের অনুরাগীদের কাছে এই বাড়ি বিশেষ আবেগের জায়গা।

রাজশাহীর ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদের দাবি, ২০১৭ সালেই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করে সেখানে প্রদর্শনী ও কর্মশালার জন্য ‘ঋত্বিক কেন্দ্র’ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছিল। ২০২০ সালে তৎকালীন জেলাশাসক আবদুল জলিলের নির্দেশে তৈরি একটি তদন্ত কমিটির রিপোর্টে জানা যায়, জমিটি এখনও ঋত্বিক ঘটকের মা ইন্দুবালা দেবীর নামেই নথিভুক্ত রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদের আমলে কেবল কলেজ কর্তৃপক্ষকে জমিটি লিজ দেওয়া হয়েছিল। ফলে কলেজ কর্তৃপক্ষের জমির মালিকানা দাবি করে বাড়িটি ভাঙার অধিকার নেই বলেই দাবি আন্দোলনকারীদের।

বাড়িটি সংরক্ষণের জন্য গণপূর্ত দফতরের তরফে ৫১ লক্ষ টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব থাকলেও, একাধিক আবেদন সত্ত্বেও সেই অর্থ মেলেনি বলে অভিযোগ। উল্টে ২০২৪ সালের অগস্টে হাসিনা সরকারের পতনের পর বাড়িটির তিনটি ঘর ভেঙে ফেলা হয় বলে দাবি ফিল্ম সোসাইটির। সেই সময় প্রতিবাদ শুরু হলে কাজ বন্ধ রাখার আশ্বাস দেওয়া হয়েছিল। এমনকি চলতি বছরের ৪ নভেম্বর পরিচালকের ১০১তম জন্মবার্ষিকীও ধ্বংসস্তূপের মধ্যেই পালন করতে বাধ্য হয় ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি। ফলে নতুন করে পাঁচিল ভাঙার অভিযোগ সামনে আসতেই ঐতিহাসিক বাড়িটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।