বিজেপির মদতে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়। কিন্তু আপাতত আদালত থেকে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন না তিনি। নতুন করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা এবং ইতিমধ্যে দায়ের হওয়া মামলাগুলিতে কড়া পদক্ষেপের উপর নিষেধাজ্ঞা চেয়ে সুমিতের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট।
সুমিত রায়ের বিরুদ্ধে মোট পাঁচটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে বলে আদালতে জানান তাঁর আইনজীবীরা। এর মধ্যে শালবনির সরকারি জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গত ১০ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে অন্য মামলাতেও তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে বলে অভিযোগ।
কালীতলা-আশুতি, শালবনি, ডায়মন্ড হারবার এবং গড়বেতা থানায় দায়ের হওয়া মামলাগুলিও রয়েছে সেই তালিকায়। তাঁর আইনজীবীদের দাবি, মামলাগুলির কয়েকটির বয়স তিন থেকে দশ বছর পর্যন্ত।
সুমিতের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ ও অয়ন ভট্টাচার্য। গোপাল শঙ্কর নারায়ণের বক্তব্য, সুপ্রিম কোর্টে সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু একটি মামলায় গ্রেফতারির অর্থ এই নয় যে, অন্য মামলাগুলিতেও তাঁকে গ্রেফতার করা যাবে। অন্যান্য মামলায় তাঁকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়া যেতে পারে বলেও আদালতে সওয়াল করেন তিনি।
আইনজীবীদের বক্তব্য, সুমিতের আশঙ্কা, তাঁর বিরুদ্ধে নতুন করে আরও মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করা হতে পারে। সেই কারণেই নতুন কোনও মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা এবং ইতিমধ্যে দায়ের হওয়া মামলাগুলিতে অযথা কড়া পদক্ষেপ বন্ধের নির্দেশ চেয়েছিলেন তিনি। পাশাপাশি, কয়েকটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানোর প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে।
তবে আপাতত সেই অন্তর্বর্তী সুরক্ষা দিতে রাজি হয়নি হাইকোর্ট। আদালত সুমিত রায়ের হলফনামা তলব করেছে। রাজ্যকেও নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিতে হবে। উভয় পক্ষকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রয়োজন হলে সংশ্লিষ্ট মামলাগুলিতে সুমিত রায় জামিনের আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে।




