ভারতীয় ফুটবলের পরিস্থিতি নিয়ে এ বার সরাসরি কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হলেন প্রাক্তন ফুটবলাররা। প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়ার নেতৃত্বে ১৫ জন প্রাক্তন ভারতীয় ফুটবলার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে চিঠি লিখে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন। তাঁদের নিশানায় ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। আগামী ২০ ডিসেম্বর এআইএফএফের নির্বাচন। তার আগে ফেডারেশনের কাজে কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। একই সঙ্গে আগামী মেয়াদে ফেডারেশনের নেতৃত্বে অভিজ্ঞ ও যোগ্য কাউকে আনার আবেদনও জানিয়েছেন তাঁরা।
গত মঙ্গলবার লেখা ওই চিঠিতে ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থাকে ‘শোচনীয়’ বলে উল্লেখ করেছেন প্রাক্তন খেলোয়াড়রা। তাঁদের বক্তব্য, ভারতীয় ফুটবলের এই অবস্থা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। চিঠিতে লেখা হয়েছে, ‘দেশের ফুটবলের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়, যা আমাদের মতো মর্যাদাপূর্ণ দেশের পক্ষে একেবারেই গ্রহণযোগ্য নয়’।
ফিফা ক্রমতালিকায় ভারতের অবনমন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের দাবি, কল্যাণ চৌবের নেতৃত্বাধীন পরিচালন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর গত তিন বছরে ভারতের র্যাঙ্কিং ৯৫ থেকে নেমে ১৩৮ হয়েছে। অলিম্পিক্স আয়োজনের স্বপ্ন দেখা একটি দেশের ফুটবলে এই পতন আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তির পক্ষেও ক্ষতিকর বলে মনে করছেন তাঁরা।
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ আয়োজন নিয়েও প্রশ্ন
প্রাক্তন ফুটবলারদের অন্যতম বড় অভিযোগ ফেডারেশনের আর্থিক পরিকল্পনা নিয়ে। এক দিকে আর্থিক সমস্যার কথা বলে ঘরোয়া ফুটবল লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্য দিকে, ব্রাজিল, উরুগুয়ে এবং পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে বিপুল অর্থ খরচ করা হয়েছে। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
চিঠিতে লেখা হয়েছে, ‘ফেডারেশন বার বার লিগ শুরু করার ক্ষেত্রে আর্থিক সমস্যার কথা জানিয়েছে। অথচ ব্রাজিল ও উরুগুয়ের মতো দলকে এনে দু’টি প্রীতি ম্যাচ আয়োজন করতে বিপুল অর্থ খরচ করা হয়েছে। এই ম্যাচগুলি ভারতীয় ফুটবলের মানোন্নয়নে সামান্যই সাহায্য করবে।”
এখানেই শেষ নয়। তাঁদের অভিযোগ, এই আন্তর্জাতিক ম্যাচগুলির জন্য ভারত ফিফার আয়োজিত আসিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করেছে। ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচগুলিকে ‘ফেডারেশনের প্রচারের কৌশল’ বলেও কটাক্ষ করেছেন তাঁরা। কলকাতায় এই ম্যাচগুলি আয়োজন হওয়ায় শহরের ফুটবলপ্রেমীদের আবেগও যথাযথ সম্মান পায়নি বলে মনে করছেন প্রাক্তন খেলোয়াড়রা।
জামশেদপুর এফসি বন্ধ হওয়া নিয়েও ক্ষোভ
আইএসএল আয়োজনের অনিশ্চয়তার প্রভাব পড়েছে ক্লাবগুলির উপরেও। চিঠিতে জামশেদপুর এফসির উদাহরণ তুলে ধরে বলা হয়েছে, লিগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ক্লাবের অস্তিত্বই বিপন্ন হয়েছে। ফুটবলারদের রোজগার এবং কর্মসংস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
প্রাক্তনদের বক্তব্য, ‘ফেডারেশন দেশে একটি সুষ্ঠু লিগ আয়োজন করতেও ব্যর্থ হয়েছে। লিগ শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তার কারণে টাটা গোষ্ঠীর মালিকানাধীন জামশেদপুর এফসির মতো ক্লাবও বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে ফুটবলারদের কর্মসংস্থান বিপদের মুখে পড়েছে। অনেক ফুটবলার আয় হারিয়েছেন, অনেকে কাজও পাচ্ছেন না’।
সাফ জয়ের প্রস্তুতি নিয়েও প্রশ্ন
সম্প্রতি বাংলাদেশকে হারিয়ে দশম বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু সেই সাফল্যের মধ্যেও জাতীয় দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন ভাইচুংরা। তাঁদের অভিযোগ, সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলের জন্য কোনও প্রস্তুতি শিবির আয়োজন করতে পারেনি ফেডারেশন। আন্তর্জাতিক সূচির সঙ্গে প্রতিযোগিতার সময়ের সংঘাত থাকলেও পরিস্থিতি সামলানোর যথেষ্ট চেষ্টা করা হয়নি বলে তাঁদের দাবি।
চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দলের কাছে হার ভারতীয় ফুটবলের জন্য বড় ধাক্কা হতে পারে। তাঁদের মতে, সাফের মতো প্রতিযোগিতায় সঠিক প্রস্তুতি ছাড়া দল পাঠানো ফেডারেশনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
‘কল্যাণের বদলে যোগ্য কাউকে চাই’
চিঠির শেষে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে সরাসরি হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন ১৫ জন প্রাক্তন ফুটবলার। তাঁদের বক্তব্য, বর্তমান ফেডারেশনের কাজ শুধু দেশের ফুটবলের উন্নয়নেই বাধা সৃষ্টি করছে না, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তিও নষ্ট করছে।
চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা প্রাক্তন ভারতীয় ফুটবলার। অত্যন্ত গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছি। তাই আপনাকে বিনীত অনুরোধ, অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং আগামী মেয়াদে ফেডারেশনের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য ও প্রমাণিত কাউকে মনোনীত করুন। তা না হলে বর্তমান পরিস্থিতি থেকে ভারতীয় ফুটবলকে পুনরুদ্ধার করতে অন্তত কয়েক দশক লেগে যাবে’।
ভাইচুং ছাড়াও চিঠিতে সই করেছেন দীপক মন্ডল, অরিন্দম ভট্টাচার্য, রেনেডি সিং, আনোয়ার আলি, ধনচন্দ্র সিং, সতীশ ভারতী, অ্যালভিটো ডি কুনহা, মনজিৎ সিং, বলবন্ত সিং, করণজিৎ সিং, সেহনাজ সিং, হরপ্রীত সিং, বলদীপ সিং এবং হরমনজ্যোৎ সিং খাবড়া।
২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন। তার আগে প্রাক্তন ফুটবলারদের এই চিঠি ফেডারেশনের কার্যকলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ্যে এনে দিল। এখন দেখার, ক্রীড়ামন্ত্রক এই আবেদনে কী পদক্ষেপ করে।




