• facebook
  • twitter
  • youtube
Tuesday, 17 November, 2026

‘অ্যাকভান’-এর আশঙ্কায় উপকূল থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের, সতর্ক ওড়িশা-অন্ধ্র, মোতায়েন এনডিআরএফ

আগামী শুক্রবার অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও টুনির মধ্যবর্তী কোনও এলাকায় আছড়ে পড়তে পারে ‘অ্যাকভান’

‘অ্যাকভান’-এর আশঙ্কায় উপকূল থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের, সতর্ক ওড়িশা-অন্ধ্র, মোতায়েন এনডিআরএফ

Image: IANS

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। গত তিন সপ্তাহের মধ্যে এই নিয়ে তিনটি ঘূর্ণিঝড় তৈরি হল বঙ্গোপসাগরে। আহবিদদের আশঙ্কা, সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প টেনে নিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি। সম্ভাব্য বিপর্যয়ের মোকাবিলায় ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সরকার।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও টুনির মধ্যবর্তী কোনও এলাকায় আছড়ে পড়তে পারে ‘অ্যাকভান’। ঝড়ের আশঙ্কায় প্রশাসনিক আধিকারিকদের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্যের বিপর্যয় মোকাবিল বাহিনীকে আগে থেকেই মোতায়েন রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: উত্তরখণ্ডে নদীখাতে পড়ল বাস, মৃত ৮, আহত বেশ কয়েকজন

অন্যদিকে, পরিস্থিতির উপর নজর রাখছে ওড়িশা প্রশাসনও। উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই ৭৪টি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের মতে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর সময় ওড়িশায় যে ধরনের বৃষ্টিপাত হয়েছিল, এ বার সে রকম হওয়ার সম্ভাবনা নেই।

সম্ভাব্য বিপর্যয়ের কথা মাথার রেখে গঞ্জাম, গজপতি, কন্ধমল, রায়গড়, কোরাপুট ও মলকানগিরির কিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার। পাশাপাশি ওই জেলাগুলিতে ত্রাণশিবির চালু রাখার প্রস্তুতিও শুরু হয়েছে। আপাতত রাজ্যে এনডিআরএফের ১৪টি দল এবং ওড়িশার নিজস্ব বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬০টি দল মোতায়েন রয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার সকালের মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘অ্যাকভান’। শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ারর সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২৯ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। পরিস্থিতি বিশেষে সেই গতি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: বদলাবে নীল-সাদা রং, নতুন রূপে সাজবে সরকারি হাসপাতাল

ঘূর্ণিঝড় মোকাবিলায় সোমবারই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। পরে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনাসীমা, কাকিনাড়া, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, এনটিআর এবং গুন্টুর-সহ একাধিক জেলায় ঝড়ের প্রভাব পড়তে পারে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের।

ওড়িশার ক্ষেত্রে আপাতত অতি ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ভুবনেশ্বরের আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া কেন্দ্রের অধিকর্তা মনোরমা মোহান্তির বক্তব্য, ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর মতো ব্যাপক প্রভাব ‘অ্যাকভান’-নেই। সে কারণে অতি ভারী বৃষ্টির জন্য কোনও লাল সতর্কতা জারি করা হয়নি। একই কথা শোনা গিয়েছে মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্রের গলাতেও। তাঁর মতে, ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা ‘অর্ণব’-এর মতো হবে না।

দেখুন: