নবান্নের পর এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলির চেহারা বদলের উদ্যোগ। দীর্ঘদিনের পরিচিত নীল-সাদা রঙের পরিবর্তে নতুন রঙে সাজিয়ে তোলা হতে পারে রাজ্যের মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলিকে। প্রশাসনিক সূত্রে খবর, এ বিষয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। আগামী ৩০ নভেম্বরের মধ্যে হাসপাতালগুলির রং করার প্রস্তাব এবং সম্ভাব্য খরচের হিসাব তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের ইঞ্জিনিয়ারদের।
স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির তরফে আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের কাছে পাঠানো বার্তায় জানানো হয়েছে, রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালের ভবনের রং চটে গিয়েছে। ফলে সেগুলিকে মলিন দেখাচ্ছে। ভবনগুলির চেহারা পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রয়োজনীয় রং করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে হাসপাতালগুলিতে রং করা হয়েছিল। তাই নতুন করে পুরো ভবন রং করার পরিবর্তে যেখানে যতটুকু সংস্কার বা রঙের প্রলেপ প্রয়োজন, তা খতিয়ে দেখা হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সাইট ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করে ৩০ নভেম্বরের মধ্যে সামগ্রিক প্রস্তাব ও খরচের হিসাব তৈরি করে অনুমোদনের জন্য জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: উত্তরখণ্ডে নদীখাতে পড়ল বাস, মৃত ৬, আহত বেশ কয়েকজন
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সরকারি পরিকাঠামোর রঙ বদলের প্রক্রিয়াও শুরু হয়েছে। এর আগে নবান্ন সভাঘরের রং পরিবর্তনের কাজ শুরু হয়। শহরের বেশ কিছু রাস্তার ডিভাইডার থেকেও নীল-সাদা রং সরিয়ে সাদা-কালো ও হলুদ করা হয়েছে। এবার নবান্নের বাইরের অংশের রং পরিবর্তন নিয়েও প্রশাসনিক মহলে আলোচনা চলছে। সাদা বা ঘিয়ে রঙের সঙ্গে হালকা ও গাঢ় হলুদের মিশ্রণে নবান্নকে সাজানো হতে পারে বলে জল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি ভবন, উড়ালপুল-সহ বিভিন্ন পরিকাঠামোয় নীল-সাদা রঙের ব্যবহার শুরু হয়। তৎকালীন মুখ্যমন্ত্রীর পরিচিত নীলপাড় সাদা শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই রং বেছে নেওয়া হয়েছিল বলে মনে করা হত। সরকারি দপ্তর থেকে রাস্তার ডিভাইডার– বিভিন্ন ক্ষেত্রেই এই রঙের ব্যবহার দেখা যায়। এবার রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর সেই রঙের পরিবর্তনের উদ্যোগ প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে।




