আদালতে বিচার চলবে। মামলা লড়বেন আইনজীবীরা। দায়িত্ব সামলাবেন বিচারক ও কর্মীরা। কিন্তু তাঁদের সন্তানদের দেখভালের ব্যবস্থা কোথায়? কর্মক্ষেত্রে এসে শিশুদের নিরাপদে রাখার জন্য আদালত চত্বরেই ক্রেশ তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ কার্যকর করতে রাজ্যের জেলা আদালতগুলিতে কতটা কাজ এগিয়েছে? এবার সেই প্রশ্নেই রাজ্যের সমস্ত জেলা আদালতের কাছে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।
প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, প্রতিটি জেলা আদালতে ক্রেশ তৈরির জন্য কী পদক্ষেপ করা হয়েছে? কোথায় জায়গা চিহ্নিত হয়েছে এবং শিশু দিবাযত্ন কেন্দ্রগুলি আদালত চত্বরের মধ্যেই তৈরি হচ্ছে কি না, তা বিস্তারিত জানাতে হবে। আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে এই রিপোর্ট জমা করতে হবে।
শুধু ঘর তৈরি করলেই যে দায়িত্ব শেষ নয়, তাও স্পষ্ট করে দিয়েছে আদালত। ক্রেশগুলিতে দু’জন করে নার্স, চিকিৎসক এবং উপযুক্ত বিশেষজ্ঞ কর্মী নিয়োগের বিষয়টি নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তর ও শিশু কল্যাণ দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত জেলা আদালতে ইতিমধ্যেই ক্রেশের জন্য জায়গা চিহ্নিত হয়েছে, সেগুলি চালু করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে পূর্ত দপ্তরকেও সক্রিয় হতে বলেছে আদালত।
সোমবার শুনানিতে উঠে আসে কলকাতা হাইকোর্টের ক্রেশের বাস্তব ছবিও। হাইকোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই ক্রেশ চালু হয়েছে। কিন্তু সেখানে স্থায়ী কর্মী নেই। যাঁরা বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা চুক্তিভিত্তিক কর্মী। আগামী ২০২৭ সালের মার্চ মাসে তাঁদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। অন্যদিকে, নগর দায়রা আদালতে ক্রেশের জন্য জায়গা নির্দিষ্ট করা হলেও রাজ্য সরকারের তরফে কর্মী নিয়োগ না হওয়ায় ঘরটি এখনও বন্ধ হয়ে পড়ে রয়েছে।
আবেদনকারীর আইনজীবীর বক্তব্য, ক্রেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূরদূরান্ত থেকে বহু আদালতকর্মীকে কাজে আসতে হয়। তাঁদের সঙ্গে থাকে আট বছরের কম বয়সি শিশুরাও। আদালত চত্বর থেকে অনেক দূরে ক্রেশ তৈরি হলে সেই পরিষেবা কার্যত অর্থহীন হয়ে পড়বে। কর্মরত অভিভাবকদের পক্ষে বারবার দূরে গিয়ে সন্তানদের দেখাশোনা করা সম্ভব নয়। তাই আদালত চত্বরের মধ্যেই শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরি করা প্রয়োজন।
আরও পড়ুন: বৃদ্ধা মা-কে খুন করে ফোন পুলিশকে, গ্রেপ্তার ছেলে, হরিদেবপুরে হাড়হিম কাণ্ড
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর দায়ের করা জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই আদালত চত্বরে ক্রেশ তৈরির নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। সেই নির্দেশে কলকাতা হাইকোর্টে ক্রেশ চালুও হয়েছে। কিন্তু জেলা আদালতগুলিতে সেই উদ্যোগ কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়েই এবার জবাবদিহি চাইল আদালত। নির্দেশ কার্যকর করতে দপ্তরে দপ্তরে ফাইল চালাচালি, নাকি বাস্তবে তৈরি হচ্ছে শিশুদের নিরাপদ আশ্রয়? চার সপ্তাহের হলফনামায় সেই ছবিই স্পষ্ট করতে হবে।




