শনিবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছে ভারত। টানটান উত্তেজনার ফাইনালে শেষ দিকে মানাল চৌহান ও মোহিত উলভারের দাপটেই জয় নিশ্চিত করে ভারত। ম্যাচ শেষে বাবা বীরেন্দ্র সহবাগকে ভিডিয়ো কলে ফাইনালের অভিজ্ঞতার কথা জানালেন ছেলে আর্যবীর। সেই কথোপকথনেই উঠে এল চমকপ্রদ এক ঘটনা। ম্যাচ চলাকালীন পাকিস্তানের সমর্থকেরা গ্যালারি থেকে চিৎকার করে ডাকছিলেন সহবাগকে!
ছেলের সঙ্গে ভিডিয়ো কলের সেই মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সহবাগ। সেখানে আর্যবীর জানান, ম্যাচ চলাকালীন তাঁর কনুইয়ে বল লেগেছিল। দু’-তিন বার ফিজিয়োকে মাঠে আসতে হয়। সেই সময়ই গ্যালারিতে থাকা পাকিস্তানের প্রায় দু’হাজার সমর্থক ‘সহবাগ, সহবাগ’ বলে চিৎকার করতে শুরু করেন। আর্যবীরের কথায়, “ওঁরা চাইছিলেন আমি যেন খেলা চালিয়ে যাই। আমাকে সমর্থন করছিলেন। বিষয়টা দেখে বেশ মজা পেয়েছি।” ছেলের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে হেসে ফেলেন সহবাগ। ছেলেকে শুভেচ্ছাও জানান।
Aaryavir Sehwag was chanting “Sita Ram” during the final hour until India finally won the match. Lovely video call between Senior and Junior Sehwag. https://t.co/gmEqVEJ8fV
— R A T N I S H (@LoyalSachinFan) November 15, 2026
ফাইনালের শেষ ওভারের উত্তেজনার কথাও বাবাকে জানিয়েছেন আর্যবীর। তাঁর কথায়, “শেষ ওভার চলার সময় আমি ‘সীতা রাম, সীতা রাম’ বলে চিৎকার করছিলাম। আমরা সবাই চাইছিলাম কোনও ভাবে একটা বাউন্ডারি আসুক। শেষ বলে সেটাই হয়েছে।”
ছেলের পারফরম্যান্সে গর্বিত সহবাগও। ভিডিয়োর পাশাপাশি আর্যবীরকে উদ্দেশ্য করে একটি আবেগঘন বার্তাও লিখেছেন তিনি। সহবাগের কথায়, প্রতিযোগিতার সেরা হওয়া থেকে শুরু করে ফাইনালের টানটান মুহূর্ত—ছেলের সঙ্গে এই কথোপকথন তাঁর কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। পুরস্কার, রান কিংবা ট্রফির থেকেও কিছু মুহূর্ত যে অনেক বড়, তা মনে করিয়ে দিয়েছেন তিনি। ছেলেকে তাঁর পরামর্শ, “সব সময় পা মাটিতে রেখো। কঠোর পরিশ্রম আর প্রতিভার জোরে আকাশ ছুঁয়ে ফেলো।”
সহবাগের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ দর্শক দেখে ফেলেছেন বাবা-ছেলের এই কথোপকথন।




