• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

পাবজি খেলতে গিয়ে পরিচয়, পরকীয়ার সন্দেহে খুন? অঞ্জলি হত্যা মামলায় ধরম বীরের ১০ দিনের পুলিশ হেফাজত

অনলাইন গেমিংয়ের সূত্রে পরিচয়। সেখান থেকে ঘনিষ্ঠতা, আর সেই সম্পর্কের টানাপড়েন থেকেই কি শেষ পর্যন্ত খুন? বরানগরের ২৬ বছরের

পাবজি খেলতে গিয়ে পরিচয়, পরকীয়ার সন্দেহে খুন? অঞ্জলি হত্যা মামলায় ধরম বীরের ১০ দিনের পুলিশ হেফাজত

অনলাইন গেমিংয়ের সূত্রে পরিচয়। সেখান থেকে ঘনিষ্ঠতা, আর সেই সম্পর্কের টানাপড়েন থেকেই কি শেষ পর্যন্ত খুন? বরানগরের ২৬ বছরের তরুণী অঞ্জলিকে খুনের ঘটনায় অভিযুক্ত ধরম বীরকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর মহকুমা আদালত। দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার পর তাকে আদালতে পেশ করা হয়।

গত ১২ নভেম্বর দিল্লি থেকে ধরম বীরকে গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার পথেও তাকে জেরা করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, জেরার মুখে বারবার বয়ান বদলে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, পাবজি খেলতে গিয়েই অঞ্জলির সঙ্গে পরিচয় হয়েছিল ধরম বীরের। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে অনলাইন গেমিংয়ের সূত্রে পরিচিত অন্য এক মহিলার সঙ্গে ধরম বীরের সম্পর্ক ও ঘনিষ্ঠতা ঘিরে অঞ্জলির সঙ্গে বিবাদ তৈরি হয়েছিল বলে অভিযোগ। সেই বিবাদের জেরেই খুন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তে জানা গিয়েছে, গত ৮ নভেম্বর কালীপুজোর সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতায় এসেছিল ধরম বীর। এরপর দক্ষিণেশ্বরের ময়ূর গেস্ট হাউসে ওঠে সে। ১০ নভেম্বর বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ গেস্ট হাউস থেকে বেরিয়ে যায় অভিযুক্ত। গেস্ট হাউসের এক কর্মীর বয়ানেও এই তথ্য মিলেছে।

পুলিশের অনুমান, সেখান থেকে অঞ্জলির সঙ্গে দেখা করতে যায় ধরম বীর। অভিযোগ, এরপরই অঞ্জলিকে খুন করে এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। ঘটনার পর দ্রুত দিল্লি ফেরার পরিকল্পনা করেছিল অভিযুক্ত বলে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হাওড়া স্টেশন থেকে ট্রেনে চাপে ধরম বীর। দিল্লি যাওয়ার পথে একাধিকবার ট্রেন পরিবর্তন করে সে। প্রথমে মোগলসরাই পৌঁছয়। সেখান থেকে অন্য ট্রেনে চেপে দিল্লির আনন্দ বিহার স্টেশনে পৌঁছয় অভিযুক্ত।

তদন্তকারীদের দাবি, মোগলসরাই পৌঁছনোর পর অঞ্জলির মোবাইল ফোনটি বন্ধ করে দেয় ধরম বীর। পালানোর সময় বিভিন্ন পর্যায়ে ফোন চালু ও বন্ধ করে এবং পরিবারের সদস্যদের কাছে অবস্থান পরিবর্তনের বার্তা পাঠিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সে। তার এই গতিবিধির সূত্র ধরেই পালানোর পথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান তদন্তকারীরা।

এবার অভিযুক্তকে বরানগরের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। এই খুনের ঘটনায় ধরম বীর একাই জড়িত, নাকি এর পিছনে আরও কারও ভূমিকা রয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

খুনের আগে ও পরে অন্য কারও সঙ্গে অভিযুক্তের যোগাযোগ হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সাত দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পিছনে কোনও বৃহত্তর পরিকল্পনা ছিল কি না, সেই রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ।