• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

চকোলেট ভেবে মুখের মধ্যে ‘পপ-পপ’ বাজি, বিস্ফোরণে মৃত্যু ২ বছরের শিশুর

রক্তাক্ত অবস্থায় আদিত্যকে প্রথমে সীতাপুরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রক্তপাত বন্ধ হলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু ফের রক্তপাত শুরু হওয়ায় পরের দিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চকোলেট ভেবে মুখের মধ্যে ‘পপ-পপ’ বাজি, বিস্ফোরণে মৃত্যু ২ বছরের শিশুর

File Photo

চকোলেট ভেবে ‘পপ-পপ’ বাজি মুখে পুরে দিয়ে কামড় বসিয়েছিল দুই বছরের শিশু। সঙ্গে সঙ্গেই মুখের ভিতরে ফেটে যায় বাজিটি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ছত্তিসগড়ের সরগুজা জেলার এক শিশুর। মৃত শিশুটির নাম আদিত্য মাঝি। গত ৯ নভেম্বর সকালে সীতাপুর থানার অন্তর্গত নবপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ১১ নভেম্বর রাতে তার মৃত্যু হয়। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঘটনার দিন বাড়ির সামনের রাস্তায় পাড়ার কয়েকজন শিশু বাজি ফাটাচ্ছিল। তাদের সঙ্গেই ছিল আদিত্য। সেই সময় সবার নজরের আড়ালে মাটিতে পড়ে থাকা একটি খোলা বাজির প্যাকেট থেকে ‘পপ-পপ’ বাজি তুলে নেয় সে। রঙিন কাগজে মোড়া থাকায় সেটিকে চকোলেট ভেবে মুখে পুরে কামড় বসায় সে। সঙ্গে সঙ্গে বাজিটি ফেটে যায়। আদিত্যর নাক ও মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে।

শিশুটির বাবা ইন্দ্রজিৎ মাঝি এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, পাড়ার অন্য শিশুদের কাছ থেকেই তিনি দুর্ঘটনার কথা জানতে পারেন। রক্তাক্ত অবস্থায় আদিত্যকে প্রথমে সীতাপুরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রক্তপাত বন্ধ হলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু ফের রক্তপাত শুরু হওয়ায় পরের দিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে অম্বিকাপুরের একটি মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন: বাতিল হতে পারে আরএসি টিকিট! আর ভাগ করতে হবে না আসন, কী জানাচ্ছে রেল?

উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশের ডিন্ডৌরি জেলাতেও রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড় বসিয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ছত্তিসগড়ে বাজি বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।