• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

সুমিত রায়ের এনকাউন্টারের আশঙ্কায় মানবাধিকার কমিশনে স্ত্রী! মৎস্যব্যবসায়ীকে হুমকির অভিযোগ

অন্যদিকে ওই ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল। রাজ্যে পালাবদলের পর গত ৬ আগস্ট

সুমিত রায়ের এনকাউন্টারের আশঙ্কায় মানবাধিকার কমিশনে স্ত্রী! মৎস্যব্যবসায়ীকে হুমকির অভিযোগ

Abhishek Banerjee PA Sumit Roy Photo-SNS

পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সুমিত রায়। কিন্তু স্বামীর নিরাপত্তা এবং জীবন নিয়ে সংশয় এবং উদ্বেগে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা ঘোষ। সুমিতকে হেফাজতে শারীরিক এবং মানসিক নির্যাতন করার পাশাপাশি তাঁকে এনকাউন্টার করে মেরে ফেলার আশঙ্কার কথা জানিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী। এই চাঞ্চল্যকর অভিযোগ শুনে নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন। ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপারকে কড়া নির্দেশিকা পাঠানোর একসপ্তাহের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট তলব করেছে মানবাধিকার কমিশন। এবার মৎস্য আড়তের এক ব্যবসায়ীকে হুমকি ও তোলাবাজির অভিযোগ উঠেছে।

এদিকে ইতিমধ্যেই মানবাধিকার কমিশনের সামনে এই অভিযোগ পেশ করা হয়। সুস্মিতা রায়ের দাবি, তাঁর কাছে অত্যন্ত নির্ভরযোগ্য খবর আছে যে, শীঘ্রই অন্য একটি নতুন ফৌজদারি মামলায় অথবা নতুন করে শুরু হওয়া কোনও মামলায় তাঁর স্বামী সুমিত রায়কে ফের পুলিশ হেফাজতে নেওয়া হতে পারে। পুলিশ হেফাজতে সম্প্রতি কিছু এনকাউন্টার ডেথের ঘটনা তাঁর এই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। তাই তাঁর আশঙ্কা, পুলিশ মিথ্যে এনকাউন্টারের গল্প সাজিয়ে তাঁর স্বামীকেও খুন করতে পারে। ইতিমধ্যেই সুমিত রায়কে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক মৎস্যব্যবসায়ীর মামলায়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার তোলাবাজি, ভয় দেখানো, চুরি এবং অপরাধমূলক ষড়যন্ত্র এবং সংঘবদ্ধ অপরাধ সংক্রান্ত ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রের খবর, ২০২৫ সালের ২৩ ডিসেম্বর নগেন্দ্রবাজার আড়তের এক ব্যবসায়ীকে হুমকি এবং তোলাবাজির ঘটনা ঘটে।

অন্যদিকে ওই ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল। রাজ্যে পালাবদলের পর গত ৬ আগস্ট ডায়মন্ডহারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই অভিযুক্তদের তালিকায় রয়েছেন সুমিত রায়ও। তাঁর পরিকল্পনাতেই তোলাবাজি করা হয়েছিল বলে ব্যবসায়ীর অভিযোগ। এই আবহে সুমিত রায়কে এই চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এবং বন্দুকের মুখে হুমকি ও ভয় দেখানো হয়েছে বলে মানবাধিকার কমিশনে নথি দিয়ে অভিযোগ করেছেন স্ত্রী।

তাছাড়া সুমিত রায়ের স্ত্রীর দাবি অনুযায়ী, রাতে তদন্তের নাম করে সুমিতকে কথিত অপরাধের জায়গায় নিয়ে যাওয়া হয়। এই ধরনের প্রক্রিয়ার সুযোগ নিয়ে বা অন্য যে কোনও সময়ে পুলিশ এনকাউন্টার বলে চালিয়ে দিয়ে তাঁর স্বামীকে মেরে ফেলতে পারে। আর এই অভিযোগগুলির বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে মনে করেছে মানবাধিকার কমিশন। আগামী ৩০ নভেম্বর একই বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। আর মৎস্যব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে সুমিতের আইনজীবী কিঙ্কর দাস বলেন, ‘আমার মক্কেলকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এরকম কোনও ঘটনার সঙ্গে তাঁর যোগ নেই।’