বাংলাদেশে সপ্তাহব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল শেখ হাসিনার দল আওয়ামী লিগ। আগামী ১৪ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত একাধিক কর্মসূচি পালন করবে দলটি। ‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে’ ঘোষিত ৮ দফা দাবি আদায় এবং আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, সাজানো রায় ও মিথ্যা মামলা প্রত্যাহার, আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সমস্ত রাজবন্দির মুক্তির দাবি তুলেছে দলটি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বন্ধ শিল্পকারখানা চালু, নাগরিকদের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবিও রয়েছে ৮ দফার তালিকায়।
দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, শনিবার ১৪ নভেম্বর দেশজুড়ে ৮ দফা দাবিসংবলিত লিফলেট বিলি, দেওয়াল লিখন, প্রচার এবং গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। পরদিন, রবিবার দলের সমস্ত সাংগঠনিক ইউনিটের উদ্যোগে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।
১৬ নভেম্বর, সোমবার জেলা শাখাগুলির তরফে সংশ্লিষ্ট জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেওয়া হবে। একই দিনে ঢাকার বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলির দফতরেও স্মারকলিপি পেশ করা হবে। বিদেশে দলের শাখাগুলিও সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট এবং আন্তর্জাতিক সংস্থার সদর দফতরে স্মারকলিপি জমা দেবে।
১৭ নভেম্বর, মঙ্গলবার দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লিগ। ২০২৫ সালের এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদ জানানো হবে। রায় ও ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
এরপর ১৯ নভেম্বর, বৃহস্পতিবার দেশজুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক লকডাউনের ডাক দিয়েছে দলটি। ওই সময়ে যানবাহন, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি দফতর, ব্যাঙ্ক, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
তবে অ্যাম্বুল্যান্স, দমকল, সংবাদমাধ্যম, হাসপাতাল এবং ওষুধের দোকানকে এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে। জরুরি পরিষেবার নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দলীয় কর্মীদের সহযোগিতার নির্দেশও দেওয়া হয়েছে।
নানক জানিয়েছেন, দলের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড এবং প্রবাসী শাখার পাশাপাশি সমস্ত সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলন সফল করতে দেশবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি।




