• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

প্রয়াত মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়, শোকের ছায়া চলচ্চিত্র জগতে

প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র তথা অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ

প্রয়াত মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়, শোকের ছায়া চলচ্চিত্র জগতে

প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র তথা অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান চলচ্চিত্র প্রযোজক। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।

পরিবার ও ঘনিষ্ঠ মহলে ‘বাবু’ নামেই পরিচিত ছিলেন জয়ন্ত। কিংবদন্তি গায়ক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের সন্তান হওয়ায় ছোট থেকেই সংগীত ও সংস্কৃতির আবহে বড় হয়ে ওঠা। পরবর্তীকালে নিজেও পা রাখেন বিনোদন জগতে। চলচ্চিত্র প্রযোজক ও সুরকার হিসেবে বলিউডে পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি।

জয়ন্তের প্রযোজিত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ১৯৭৫ সালের ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’। বড় পর্দার পাশাপাশি টেলিভিশন জগতেও কাজ করেছেন তিনি। ১৯৯২ সালের আলোচিত ধারাবাহিক ‘তালাশ’-এর নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন এই প্রযোজক।

অন্যদিকে, মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে জয়ন্তের দাম্পত্য জীবন ছিল পাঁচ দশকেরও বেশি সময়ের। খুব অল্প বয়সেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, দশম শ্রেণিতে পড়ার সময়ই তাঁদের বিয়ের কথা পাকা হয়ে যায়। বিয়ের পর স্বামীর হাত ধরেই মুম্বই পাড়ি দেন মৌসুমী। পরবর্তীকালে হিন্দি ও বাংলা ছবির জগতে প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠেন তিনি।

দীর্ঘ দাম্পত্য জীবনে একে অপরের পাশে থেকেছেন এই দম্পতি। এবার সেই দীর্ঘ পথচলায় ছেদ পড়ল। স্বামীর প্রয়াণে শোকস্তব্ধ বর্ষীয়ান অভিনেত্রী। জয়ন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের আবহ চলচ্চিত্র ও সংগীত মহলেও।