• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

‘কোনও বলই খেলার অযোগ্য নয়’– ২৪৪ রানে হারের পর রোহিত-বিরাটদের কাঠগড়ায় তুললেন গম্ভীর, পিচকে দুষলেন আইয়ার

আগামী বছর এক দিনের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়। সেখানকার পরিবেশ ও পিচের সঙ্গে নিউজিল্যান্ডের এই পরিবেশ পরিস্থিতির মিল থাকতে পারে বলেই মনে করছেন গম্ভীর

‘কোনও বলই খেলার অযোগ্য নয়’– ২৪৪ রানে হারের পর রোহিত-বিরাটদের কাঠগড়ায় তুললেন গম্ভীর, পিচকে দুষলেন আইয়ার

Image: X

নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের লজ্জার হারের পর ভারতীয় ব্যাটারদের পাশে দাঁড়ানোর কোনো প্রবনতাই দেখা গেল না কোচ গৌতম গম্ভীরের মধ্যে। বরং রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের ব্যাটিংয়ের রীতিমত সমালোচনা করলেন তিনি।

অধিনায়ক শ্রেয়স আইয়ার অবশ্য পিঠ বাঁচাতে পিচকে দোষী সাব্যস্ত করলেন। অর্থাৎ, এমন বেনজির ব্যর্থতার পর কোচ ও অধিনায়ক দুই মেরুতে।তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে কোনও বলই এমন হতে পারে না, যেটি খেলা অসম্ভব। ম্যাট হেনরি দুর্দান্ত বল করেছেন ঠিকই, কিন্তু সেই চ্যালেঞ্জ সামলানোর ক্ষমতাও ভারতীয় ব্যাটারদের থাকা উচিত ছিল।

মাউন্ট মাউনগানুইয়ে চতুর্থ এক দিনের ম্যাচে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় ভারত। প্রথম ওভারেই রোহিত, বিরাট এবং শ্রেয়সকে ফিরিয়ে দেন হেনরি। তিন জনেরই নামের পাশে শূন্য। এমন বিপর্যয়ের পর ভারতীয় দলের ব্যাটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গম্ভীর।

আরও পড়ুন: খোয়াজার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন না কামিন্স, আট বছর আগের বল বিকৃতি বিতর্কে ফের উত্তাল অস্ট্রেলীয় ক্রিকেট

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনও বল নেই, যা খেলা যায় না। ম্যাট হেনরি ভাল জায়গায় বল করেছে। কিন্তু আমাদের সেই বলগুলিকে সামলানোর উপায় খুঁজে বার করতে হবে’। অর্থাৎ, হেনরির বোলিংয়ের প্রশংসা করলেও ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার দায় এড়িয়ে যেতে চাননি তিনি।

দলের ব্যাটিং নিয়ে উদ্বেগও গোপন করেননি ভারতীয় কোচ। তাঁর কথায়, ‘৯০ বা তার আশপাশের রানে দল অলআউট হয়ে গেলে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। বিশ্বকাপের পরিবেশের কাছাকাছি পরিস্থিতি এখানে। আগের ম্যাচেও আমরা সাত উইকেট হারিয়েছিলাম। এটা অবশ্যই চিন্তার বিষয়’।

শ্রেয়স আইয়ার

আগামী বছর এক দিনের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়। সেখানকার পরিবেশ ও পিচের সঙ্গে নিউজিল্যান্ডের এই পরিবেশ পরিস্থিতির মিল থাকতে পারে বলেই মনে করছেন গম্ভীর। তাই এখন থেকেই কঠিন পরিস্থিতিতে ব্যাট করার অভ্যাস তৈরি করতে হবে ভারতীয় ব্যাটারদের। শুধু উইকেটের চরিত্র বা বিপক্ষের বোলিংকে দায়ী করে লাভ নেই।

এ দিন নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে উইল ইয়ংয়ের ১২৫ রানের সুবাদে ৩৩৩ রান তুলেছিল। জবাবে ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৮৯ রানে। হেনরি একাই নেন ছ’টি উইকেট। এই হারের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ভারতের ব্যবধান কমে দাঁড়িয়েছে ২-১। শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন লক্ষ্য গম্ভীরের দলের। গম্ভীরের বার্তা স্পষ্ট। আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন বল আসবেই। কিন্তু সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে না পারলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে সাফল্য পাওয়া কঠিন।

আরও পড়ুন: এক ওভারেই রোহিত, বিরাট, শ্রেয়সের বিদায়! ২০১৯ বিশ্বকাপের দুঃস্বপ্ন ফিরিয়ে ভারতকে ধসিয়ে দিলেন হেনরি

উইকেটের পরিবর্তনে অবাক শ্রেয়স

অধিনায়ক শ্রেয়স আইয়ার অবশ্য উল্টো কথা বলছেন। তাঁর দাবি, প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে উইকেটের চরিত্রে বড়সড় পার্থক্য দেখা গিয়েছে। তবে একই সঙ্গে ম্যাট হেনরির দুরন্ত বোলিংয়ের প্রশংসাও করেছেন তিনি।

ম্যাচের পরে শ্রেয়স বলেন, ‘প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে উইকেটের আচরণে বিরাট পার্থক্য ছিল। তবে হেনরিকে কৃতিত্ব দিতেই হবে। প্রথম বল থেকেই ও সঠিক জায়গায় বল করেছে। অসাধারণ বোলিং করেছে।’

নিউজিল্যান্ডের ব্যাটারেরা যে ভাবে বলের বাউন্স কাজে লাগিয়ে রান তুলেছেন, তা দেখে ভারতীয় দলও উইকেটকে ব্যাটিংয়ের উপযোগী বলেই ভেবেছিল। শ্রেয়সের কথায়, ‘আমরা প্রায় সব রকম চেষ্টা করেছিলাম। ওরা প্রথম ইনিংসে যেভাবে বলের বাউন্স কাজে লাগিয়ে খেলছিল, তাতে আমাদের মনে হয়েছিল উইকেট ব্যাটিংয়ের জন্য ভাল। ওরা যখন ৩৩০ রান করে ফেলল, তখনও আমাদের সেই ধারণাই ছিল। ফিল্ডিংয়ে কয়েকটি ক্যাচ পড়েছে ঠিকই, তবে ক্রিকেটে এমন হয়।’

ড্রেসিংরুমে ফিরে ভারতীয় দল আত্মবিশ্বাসী ছিল বলেও জানিয়েছেন অধিনায়ক। তাঁর কথায়, “ড্রেসিংরুমে ফেরার পরে আমাদের মনে হয়েছিল, এই রান আমরা সহজেই তাড়া করে ফেলব। কিন্তু বল পিচে পড়ে ভিতরের দিকে এবং বাইরের দিকে দু’দিকেই নড়ছিল। কী ভাবে খেলতে হবে, তা বোঝা কঠিন হয়ে পড়েছিল। আউটগুলির দিকে তাকালে দেখবেন, কেউই দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট ছুড়ে দিয়ে আসেনি। ভাল বলেই উইকেট হারিয়েছে আমরা’।

তবে হারের ধাক্কা ভুলে দ্রুত ঘুরে দাঁড়ানোর কথাও বলেছেন শ্রেয়স। তাঁর বার্তা, ‘এই ম্যাচটা ভুলে যাওয়া জরুরি। কোথায় ভুল হয়েছে, বোলিং ও ব্যাটিং—দু’দিকেই তা বিশ্লেষণ করতে হবে। তবে এটাও মনে রাখতে হবে, আমরা দু’টি ম্যাচ জিতেছি। সেখান থেকেও আত্মবিশ্বাস নিতে হবে। নতুন মানসিকতা নিয়ে পরের ম্যাচে নামতে হবে’।

দেখুন: