ধীর গতিতে হলেও অনুভূত হচ্ছে শীতের আমেজ। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যে শীত আসতে আর বেশি দেরি নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। আগামী ৪ থেকে ৫ দিন রাজ্যে বৃষ্টির কোনও আশঙ্কা না থাকায় আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃষ্টির ভ্রুকূটি না থাকলেও শীতের এই খুশির মেজাজে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ। ঘনাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কালো মেঘ। তার আগে গত তিনদিনে রাজ্যে প্রায় ৩ ডিগ্রি পারদ পতন হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের নানা জেলায় রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতায় শীতের আমেজ আরও বাড়তে পারে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অর্ণব এবং মুরাসুরের রেশ কাটতে না কাটতেই এবার বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে ‘আকভান’। মৌসম ভবনের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার একটি নতুন নিম্নচাপ দানা বাঁধতে চলেছে। আগামী রবিবারের মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে একটি শক্তিশালী গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনর পর এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
শীত অনুভবের মাঝেই নতুন করে দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে বঙ্গোপসাগর। শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহবিদরা। এই সম্ভাব্য ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে বা সেটার সুনির্দিষ্ট গতিপথ কোন দিকে হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত আবহাওয়া অফিসের পক্ষ থেকে স্পষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব রাজ্যে সেভাবে পড়েনি। কিন্তু আসন্ন ‘আকভান’ শেষ পর্যন্ত এড়ানো সম্ভব হবে কিনা এবং তার ফলে রাজ্যে শীতের আগমনে বাধা পড়বে কিনা সেটা নিয়ে সন্দিহান সবপক্ষই।
তাছাড়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, নিম্নচাপের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী কদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহে ঘূর্ণাবর্তের পরিস্থিতি কী হয়, সেদিকে নজর রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়ায় সামান্য বদলের ইঙ্গিত রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সপ্তাহান্তে আবার তাপমাত্রা কমতে পারে। একধাক্কায় দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।




