প্রথমবার প্রবাসী ভারতীয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে। এখন এই রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তারপরই কলকাতাকে বেছে নিয়েছে বিদেশমন্ত্রক। বুধবার নয়াদিল্লিতে ওই সম্মেলনের অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় সম্মেলন। আগামী জানুয়ারি মাসে নিউটাউনে এই মেগা ইভেন্টে পশ্চিমবঙ্গ-সহ দেশের নানা রাজ্যের পাশাপাশি পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়রা কলকাতায় সমবেত হবেন বলে খবর। এই অনুষ্ঠানকে সাফল্যের দিক থেকে সেরার সেরা করে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিকে ২০১৫ সাল থেকে প্রত্যেক বছর এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। একটা না একটা রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই সম্মেলন করা হয়। দেশের সরকার এবং প্রবাসীদের মধ্যে সমন্বয় স্থাপনের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। তার আগে ওড়িশায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। গান্ধীনগর, বেঙ্গালুরুতেও আয়োজন করা হয়েছিল। আর এবার হবে কলকাতায়। বুধবার ঝটিকা সফরে দিল্লিতে পৌঁছে এই ঐতিহ্যবাহী সম্মেলনের অফিশিয়াল ওয়েব পোর্টালের সূচনা করেন মুখ্যমন্ত্রী। দিল্লি থেকে তিনি প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বার্তা দেন, ‘বাংলায় আসুন। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট ঘুরে দেখুন। কলকাতা স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মভূমি।’
অন্যদিকে ২০২৭ সালের ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রবাসী ভারতীয় দিবসের আয়োজন করা হয়েছে। নতুন পোর্টাল উদ্বোধনের পর নয়াদিল্লির সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল মন্ত্র হল ‘কথা কম, কাজ বেশি’। এখন রাজ্য সরকারও কথা কম বলে কাজের মাধ্যমে এই সম্মেলনকে ঐতিহাসিক সাফল্য এনে দিতে চায়। পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে, তার জন্য বাংলা গর্বিত।’ এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রবাসীদের থাকার ব্যবস্থা-সহ সবরকম তথ্য থাকবে। ট্যুরিজম প্যাকেজ, শপিংয়ের জায়গা, ধর্মীয় স্থান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ট্রাভেল এজেন্ট-সহ সব তথ্যই দেওয়া হবে।
তাছাড়া রাজ্যে প্রথমবারের মতো এত বড় মাপের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে গত বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া ভাষায় বিঁধেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর তোপ, ‘গত ৪৯ বছর ধরে পশ্চিমবঙ্গে কেন্দ্র ও রাজ্যের একই আদর্শের সরকার ছিল না। তার ফলে পূর্বতন শাসক দলগুলির মধ্যে কোনও ইচ্ছাশক্তি বা দৃষ্টিভঙ্গি দেখা যায়নি। কেন্দ্রের পক্ষ থেকে কোনও বড় অনুষ্ঠান করার প্রস্তাব দেওয়া হলেও সেটা প্রত্যাখ্যান করা হতো। গণতন্ত্রে কেন্দ্র-রাজ্যে একই সরকার থাকতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। কিন্তু আমাদের আগে সব পরিকাঠামো থাকা সত্ত্বেও শুধু সঠিক দূরদর্শিতার অভাব ছিল।’




