২০২৮ সাল থেকে আইপিএলে দলের সংখ্যা ১০ থেকে বেড়ে ১২ হতে পারে—গত কয়েক দিন ধরে ক্রিকেটমহলে এই জল্পনাই চলছিল। নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজির সম্ভাব্য শহর হিসাবে উঠে এসেছিল পুনে ও বরোদার নামও। কিন্তু সেই জল্পনায় আপাতত জল ঢেলে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সইকিয়া। তিনি জানিয়ে দিলেন, আইপিএলকে ১২ দলের প্রতিযোগিতায় পরিণত করার কোনও পরিকল্পনা নেই। এমনকি বিষয়টি নিয়ে বোর্ডের অন্দরে কোনও আলোচনাও হয়নি।
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সইকিয়া বলেন, ‘২০২৮ সালে আইপিএলকে ১২ দলের প্রতিযোগিতায় পরিণত করার সম্ভাবনা নিয়ে আমরা কোনও আলোচনা করিনি। এই মুহূর্তে বিষয়টি আমাদের বিবেচনার মধ্যেই নেই।’
আইপিএলের জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক ক্রিকেটের বাজারে প্রতিযোগিতাটির বিপুল চাহিদা সত্ত্বেও এখনই দল বাড়ানোর কোনও সুযোগ দেখছে না বোর্ড। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলিকে কার্যত ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সইকিয়া। তাঁর কথায়, ‘মাধ্যমে যে খবরগুলি ঘুরছে, সেগুলি কিছু মানুষের কল্পনাপ্রসূত জল্পনা বলেই মনে হচ্ছে। এ নিয়ে আমার কিছু বলার নেই।’
১২ দলের আইপিএল নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা নয়, আপাতত বোর্ডের নজর আগামী মরসুমে। ২০২৭ সালে আইপিএলের ২০তম সংস্করণ আয়োজিত হবে। সেটিকে বড় করে আয়োজন করাই এখন বিসিসিআইয়ের প্রধান লক্ষ্য। সইকিয়া বলেন, ‘আমরা এখন ২০২৭-এর আইপিএল নিয়েই ভাবছি। সেটি প্রতিযোগিতার ২০তম সংস্করণ হতে চলেছে। তাই বড় আয়োজন হবে। আপাতত সেটি নিয়েই আমাদের চিন্তাভাবনা। এর বাইরে অন্য কিছু বিবেচনা করছি না।’
কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক জুহি চাওলা সম্প্রতি সমাজমাধ্যমে আইপিএল এপ্রিল-মে মাসের বদলে জানুয়ারিতে আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি সইকিয়া। তিনি শুধু বলেছেন, ‘আমরা এখন ২০২৭ সালের আইপিএল আয়োজন নিয়েই ভাবছি। প্রতিযোগিতাটি মার্চ ২০২৭-এ শুরু হওয়ার কথা। আপাতত সেটাই আমাদের লক্ষ্য।’
অর্থাৎ, ২০২৮ সালে আইপিএলে নতুন দুই দল যোগ দেওয়ার খবর এখনই বাস্তব হচ্ছে না। পুনে বা বরোদায় নতুন ফ্র্যাঞ্চাইজি আসার জল্পনাও আপাতত জল্পনাই থাকছে। বোর্ডের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইপিএলের ২০তম সংস্করণকে সফল ভাবে আয়োজন করা।




