• facebook
  • twitter
  • youtube
Monday, 9 November, 2026

‘যারা ধরা পড়েছে, তারা একবালপুরের লোক’, কালীঘাট কাণ্ডে বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর

তাছাড়া এই ইস্যুতে বিজেপি এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে ওই ঘটনার পিছনে হরিশ চ্যাটার্জি

‘যারা ধরা পড়েছে, তারা একবালপুরের লোক’, কালীঘাট কাণ্ডে বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari Photo-SNS

কালীঘাটের অশান্তির ঘটনায় যে চারটি এফআইআর হয়েছে তার মধ্যে একটিতে নাম রয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এই নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার রাত থেকে শনিবার দিনভর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট। ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় খোদ পুলিশ। পুলিশকে চড় মারা হয়েছে অভিযোগ ওঠে। ওই ঘটনার পরেই দুটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, পুলিশের গায়ে হাত উঠলে কাউকে ছাড় নয়। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই পুলিশ-প্রশাসন এগোবে। এই অশান্তির পিছনে একবালপুরের লোকজন ছিল বলে সোমবার দাবি করেন তিনি।

এদিকে সোমবার দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই কালীঘাটে অশান্তির ঘটনায় একবালপুরের লোকজন ছিল বলে বড় দাবি করলেন তিনি। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভিডিও দেখে, চিহ্নিত করেই গ্রেপ্তার করছে পুলিশ।ওই দিন যারা অশান্তির ঘটনায় যুক্ত ছিল, তারা আদতে ওই এলাকার লোকই নয়। আমি কারও নামে অভিযোগ করব না। হিরো করতে চাই না। পুলিশকে চড় মারলে অথবা উদ্যত হলে, চোখ দেখালে, মারতে গেলে এবং হুমকি দিলে যে ধারায় মামলায় হওয়া উচিত, সেই ধারাতে সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।’

অন্যদিকে দু’দিন আগে মাঝরাতে উত্তপ্ত হয়ে উঠেছিল কালীঘাট। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে যখন সমর্থকদের ভিড় হয় তাঁর বাড়ির সামনে, তখনই গণ্ডগোলের সূত্রপাত ঘটে। তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গেও চলে বাদানুবাদ। এই ঘটনা নিয়ে পুলিশমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘পুলিশ আহত হয়েছে। শারীরিক পরীক্ষাও করা হয়েছে। সরকারি কাজে বাধাদানের ভিডিও দেখে দেখে যাঁদের নামে মামলা করার ছিল সেটা করেছে। ওই ঘটনায় চার্জশিট হবে, কাস্টডি ট্রায়ালও হবে। কাউকে ছাড়া হবে না।’

তাছাড়া এই ইস্যুতে বিজেপি এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে ওই ঘটনার পিছনে হরিশ চ্যাটার্জি কিংবা হরিশ মুখার্জি রোডের কেউ ছিল না সেটা এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর বড় দাবি, ‘কাউকে ছাড়ার কোনও সিন নেই। যারা ধরা পড়েছে, তারা একবালপুরের লোক। রাত ২টোর সময় একবালপুর থেকে বিশেষ লোকেরা কী করতে গিয়েছিল? তাই জন্য ধরা হয়েছে। যে কটা গুন্ডা ধরা পড়েছে, তাঁরা কেউ হরিশ চ্যাটার্জি কিংবা হরিশ মুখার্জি রোডের লোক নয়। তাঁরা একবালপুরের লোক।’