অতিরিক্ত অধিকারবোধ থেকে সন্দেহ, আর সন্দেহ থেকেই অশান্তি। শেষ পর্যন্ত সেই অশান্তির পরিণতি খুন! সমাজমাধ্যমে অন্য তরুণীদের ছবি ‘লাইক’ করা বা ‘ফলো’ করা নিয়ে প্রায়ই ঝগড়া হত প্রেমিক-প্রেমিকার। অভিযোগ, শনিবার রাগের মাথায় প্রেমিককে কাঁচি দিয়ে আঘাত করেন সঞ্চালিকা বসু।
দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার ফরতাবাদে সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার সার্থক সরকার খুনের ঘটনায় তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। গত শনিবার রাতে ভাড়া ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন বারাসতের বাসিন্দা সার্থক। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।
এই ঘটনায় সার্থকের লিভ-ইন সঙ্গিনী সঞ্চালিকা এবং তাঁর মা মৌমিতা বসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তদন্তের অগ্রগতি জানান বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিনের সম্পর্ক ছিল সার্থক ও সঞ্চালিকার। ইনস্টাগ্রাম, ফেসবুকে অন্যের ছবিতে ‘লাইক’ দেওয়া কিংবা বিপরীত লিঙ্গের কাউকে ‘ফলো’ করা নিয়ে প্রায়ই অশান্তি হত তাঁদের। দু’জনেই একে অপরের উপর নজরদারি করতেন।
তদন্তকারীদের দাবি, শনিবার চম্পাহাটিতে একসঙ্গে বাজি কিনতে গিয়েছিলেন তাঁরা। বাড়ি ফিরে রান্না করে খাওয়াদাওয়াও করেন। তার পরেই সমাজমাধ্যমে অন্য তরুণীদের অনুসরণ করা নিয়ে ফের ঝগড়া শুরু হয়। অভিযোগ, সেই সময় কাঁচি দিয়ে সার্থককে আঘাত করেন সঞ্চালিকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্থকের চিৎকার শুনে ঘরে আসেন মৌমিতা। তাঁর দাবি, ঘটনার সময়ে তিনি রান্নাঘরে ছিলেন। এর পর মা-মেয়ে বাড়ির বাইরে গিয়ে স্থানীয়দের জড়ো করেন। খবর পেয়ে পুলিশ সার্থককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তদন্তকারীদের দাবি, মৌমিতা প্রথম থেকেই অসহযোগিতা করছিলেন। কখনও আত্মহত্যা, কখনও দুর্ঘটনার তত্ত্ব খাড়া করে তদন্তের গতিপথ ঘোরানোর চেষ্টা করেন তিনি। অন্য দিকে, সঞ্চালিকাও এখনও অপরাধ স্বীকার করেননি।
পুলিশ সূত্রে খবর, সঞ্চালিকার দাদু ও দিদাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। সঞ্চালিকাকে মৌমিতা দত্তক নিয়েছিলেন। সেই সংক্রান্ত নথিও খতিয়ে দেখছে পুলিশ। খুনে মৌমিতার প্রত্যক্ষ ভূমিকা ছিল কি না, তা-ও তদন্তাধীন।




