• facebook
  • twitter
  • youtube
Tuesday, 10 November, 2026

নন্দীগ্রাম মামলা ফের খোলার ঘোষণা শুভেন্দুর, নন্দীগ্রাম দিবসে নতুন করে এফআইর দায়েরের বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন,‘নন্দীগ্রাম মানে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। আজ রক্তাক্ত সূর্যোদয়ের ১৯তম বর্ষপূর্তি

নন্দীগ্রাম মামলা ফের খোলার ঘোষণা শুভেন্দুর, নন্দীগ্রাম দিবসে নতুন করে এফআইর দায়েরের বার্তা মুখ্যমন্ত্রীর

Image: FB/SuvenduWB/

২০০৭ সালের নন্দীগ্রামের বিচারর এখন হয়নি। অপরাধীদের শাস্তিও হয়নি। তাই পুরনো মামলা খতিয়ে দেখে এফআইআর দায়ের করা হবে। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, তৎকালীন বাম সরকারের আমলে নন্দীগ্রামে যে নৃশংস ঘটনা ঘটেছিল, তার পূর্ণাঙ্গ বিচার হয়নি। কয়েক দিন আগেই গড়বেতার সভা থেকে নন্দীগ্রাম মামলার ফাইল খোলার ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু। এ নিয়ে আবারর মুখ খুললেন তিনি।

২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। পথে মিছিলের উপর তৎকালীন সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ওই ঘটনা পরবর্তীকালে ‘অপারেশন সূর্যোদয়’ নামে পরিচিতি পায়। ২ জনের মৃত্যু হয়। পুলিশের নথিতে নিখোঁজের তালিকায় রয়েছে ১২ জন।

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবস পালন করা হয়। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এই দিনটিতে আলাদাভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করা শুরু করেন। ‘শহিদ দিবস’ পালনকে কেন্দ্র করে দুই শিবিরের মধ্যে একাধিক বার রাজনৈতিক চাপানউতরও দেখা যায়। এবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে অপারেশন সূর্যোদয় নিয়ে বার্তা দিয়েছেন।

আরও পড়ুন: মঙ্গলবার আর্থিক দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজির দিলেন সন্দীপ ঘোষ

অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন,‘নন্দীগ্রাম মানে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। আজ রক্তাক্ত সূর্যোদয়ের ১৯তম বর্ষপূর্তি।‘ মঙ্গলবার দুপুরের নন্দীগ্রামের গোকুলনগরে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু দাবি করেন, জমি আন্দোলনে তৃণমূলের কোনও ভূমিকা ছিল না। তাঁর কথায়, লড়াইটা ছিল নন্দীগ্রামের মানুষের সঙ্গে তৎকালীন বাম সরকারের।

২০০৭ সালের ১০ নভেম্বরের ঘটনার বিবরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, মোট ১১ জনকে হাত পিছমোড়া করে বেঁধে প্রথমে বারাতলা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁদের কামারদায় সিপিএমের দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ করেন তিনি। এরপর দেহগুলি ব্যাগে ভরে গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল বলেও দাবি শুভেন্দুর। তাঁর বক্তব্য, পরবর্তী সময়ে সিআইডি তদন্ত হলেও মামলার বিচারপ্রক্রিয়া শেষ হয়নি। প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠকেও ১৮১ দিন জেলে থাকতে হয়েছিল বলে জানা শুভেন্দু।

নন্দীগ্রাম আন্দোলনে প্রাণ হারানো এবং নিখোঁজ হওয়া ব্যক্তিদের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শ্যামলী মান্না ও রেজাউল করিমের মতো আন্দোলনকারীদের মৃত্যুর কথা স্মরণ করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, গুলিবিদ্ধ আরও কয়েক জনকে কাঁসাই সেতুর দিকে নিয়ে গিয়ে দেহ গুম করা হয়। তপন ঘোষ, সুকুর আলি এবং বিশ্বনাথ দাসদের স্থানীয় বাসিন্দারা ধরেছিলেন বলেও দাবি করেন তিনি। তবে ১১ জনের দেহ আজও পাওয়া যায়নি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন এই ঘটনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করবে তাঁর সরকার।

আরও পড়ুন: বাজি নয়, পাঞ্জাবের খেতের আগুনই দীপাবলির পর বায়ুদূষণ বৃদ্ধির অন্যতম কারণ, দাবি নাসার বিজ্ঞানীর

এদিন শহিদ মঞ্চ থেকে তৃণমূলকেও আক্রমণ করেন শুভেন্দু (Suvendu Adhikari)। গত বছরের বক্তব্যেরর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাব্বিশে তিনি এবং তাঁর দল ক্ষমতা আসবেন তিনি বলেছিলেন। সেই দাবি পূরণ হয়েছে। এর পর  তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘চোর তৃণমূলকে আর দেখতে পাবেন না’। তাঁর এই বক্তব্য রেকর্ড করে রাখার জন্য চ্যালেঞ্জও করেন।

নন্দীগ্রামের শহিদ পরিবারগুলির পাশে দাঁড়ানো নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, মমতা নন্দীগ্রামে এসে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং নিজকে নন্দীগ্রামের ছোট বোন বলে উল্লেখ করে ভোটে লড়েছিলেন। কিন্তু ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকার পরেও নিখোঁজদের পরিবারের হাতে মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়ার ব্যবস্থা করেননি। শুভেন্দুর দাবি, পরে তিনি নিজে হাইকোর্টে মামলা করে সেই শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করেছিলেন।

১০ নভেম্বরের ঘটনার পর বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ‘দে হ্যাভ বিন পেড ব্যাক ইন দেয়ারর ওন কয়েন’। সেই মন্তব্যের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্য সৎ হলেও তাঁর দল খারাপ ছিল। তবে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করতে চান না বলেও জানান শুভেন্দু (Suvendu Adhikari)।

এদিন বাম নেতাদের মন্তব্য এবং নন্দীগ্রাম আন্দোলনের সময়কার কথা তুলে বলেন, ১৯ বছর পরেও নিজের সংকল্পে তিনি অনড়। যাঁরা এক সময় নন্দীগ্রামের আন্দোলনকারীদের বাধা দিতে এসেছিলেন, তাঁদের আর এলাকায় দেখা যায় না বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের বিচারের প্রসঙ্গ তুলে ফের রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন তিনি (Suvendu Adhikari)।

দেখুন: