• facebook
  • twitter
  • youtube
Tuesday, 10 November, 2026

মঙ্গলবার আর্থিক দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজির দিলেন সন্দীপ ঘোষ

মঙ্গলবার সকাল ১১টায় হাজিরা দেওয়ার কথা থাকলেও ইডি সূত্রে খবর, আইনজীবীর মাধ্যমে সময় চাওয়ার চেষ্টা করেছিলেন সন্দীপ। তবে তদন্তকারীরা আর সময় দিতে রাজি হননি। শেষ পর্যন্ত দুপুর ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি

মঙ্গলবার আর্থিক দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজির দিলেন সন্দীপ ঘোষ

Image: ANI

আরজি কর আর্থিক দুর্নীতির মামলায় মঙ্গলবার দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর আগে গত ৪ নভেম্বর তাঁকে প্রথম বার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে গত ৪ নভেম্বর তাঁকে প্রথমবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় হাজিরা না দিয়ে ইডির কাছে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চেয়েছিলেন সন্দীপ। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আর্জিও জানিয়েছিলেন। এরপর দ্বিতীয় বার নোটিস পাঠিয়ে তাঁকে মঙ্গলবার হাজিরার নির্দেশ দেয় ইডি।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত চলাকালীনই হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগ উঠে। সেই অভিযোগ ভিত্তিতেই তদন্ত শুরু করে সিবিআই। পরে একই ঘটনায় পৃষক ভাবে তদন্তে নামে ইডি। এই মামলাতেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল সিবিআই।

ইডির অভিযোগ, আরজি কর হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে পাঠানো বিপুল পরিমাণ অর্থ পরিকল্পিতভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। তদন্তকারীদের দাবি, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে তাঁদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক তৈরি করা হয়। সেই চেকের মাধ্যমে টাকা তুলে নেওয়া হয় অথবা অন্য সহযোগী সংস্থার অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। পরে সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ইডির। এই আর্থিক লেনদেনের সঙ্গে সন্দীপ ঘোষের যোগ রয়েছে বলেই দাবি ইডির।

এই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ নভেম্বর সন্দীপকে তলব করা হয়েছিল। কিন্তু সেই দিন তিনি  হাজিরা এড়িয়ে যান। পরে চিঠি দিয়ে ১৫ দিনের সময় চেয়ে নেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করার আবেদনও জানান। তবে ইডি সেই আর্জিতে সাড়া না দিয়ে ফের নোটিস পাঠায়।

মঙ্গলবার সকাল ১১টায় হাজিরা দেওয়ার কথা থাকলেও ইডি সূত্রে খবর, আইনজীবীর মাধ্যমে সময় চাওয়ার চেষ্টা করেছিলেন সন্দীপ। তবে তদন্তকারীরা আর সময় দিতে রাজি হননি। শেষ পর্যন্ত দুপুর ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।

উল্লেখ্য, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে প্রায় ২ বছর জেলবন্দি ছিলেন সন্দীপ। জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের পর্যবেক্ষণ ছিল, সন্দীপের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি প্রভাবশালী হওয়ায় সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিল আদালত।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন সন্দীপ ঘোষ। পরে গত ১৬ অক্টোবর বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রশান্ত বি বরলের বেঞ্চ তাঁকে জামিন দেয়। দীর্ঘদিন বন্দিদশা এবং বিচারপ্রক্রিয়ার ধীরগতির বিষয়টি বিবেছনা করেই এই সিদ্ধান্ত বলে জানা যায়।

জেলে থাকাকালীন ইডি এই মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেনি বা শ্যোন অ্যারেস্ট দেখায়নি। ফলে সিবিআইয়ের মামলায় জামিন পাওয়ার পর তাঁর মুক্তির ক্ষেত্রে আর কোনও আইনি বাধা ছিল না। অন্যদিকে গত ফেব্রুয়ারিতেই আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছিল ইডি। সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সন্দীপ ঘোষের। এবার সেই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।