দিল্লিতে ফের বাড়ি ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে পুরনো দিল্লির চওরি বাজার (Chawri Bazaar building collapse) এলাকার গলি সিতারায় ভেঙে পড়ে একটি তিলতলা বাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংসস্তূপের নীচে আরও বেশ কয়েক জন আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ চওরি বাজার (Chawri Bazaar building collapse) মেট্রো স্টেশনের কাছে আচমকাই বাড়িটি ভেঙে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
উদ্ধারকাজে নামে দমকলের ছ’টি ইঞ্জিন। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে চার জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে ঠিক কত জন ভিতরে আটকে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে কত জন আটকে রয়েছেন তা জানা যায়নি। দ্রুত উদ্ধারকাজ শেষ করার জন্য একাধিক দল কাজ করছে।
স্থানীয় সূত্রে খবর, ভেঙে পড়া বাড়িটিতে নির্মাণের কাজ চলছিল। পরপর বাড়ি ভেঙে পড়ার ঘটনায় দিল্লির পুরনো বাড়িগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবারই চাঁদনি চক এলাকায় প্রায় ১৬০ বছরের পুরনো ঐতিহ্যবাহী টাউন হলের একাংশ ভেঙে পড়েছিল। তার দু’দিন আগে উত্তর-পূর্ব দিল্লিতে একটি বাড়ির স্ল্যাব ভেঙে পড়ে মৃত্যু হয় দু’জনের। সেই বাড়িতেও নির্মাণের কাজ চলছিল।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরেও দিল্লির সত্য নিকেতনে একটি মেসবাড়ি ভেঙে পড়ে। ওই ঘটনায় সাত জনেরর মৃত্যু হয় এবং আহত হন আরও ১১ জন। সেই ঘটনার পর শহরের বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করে সেগুলি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল পুরনিগম। কিন্তু তার পরেও পরপর বাড়ি ভেঙে পড়ার ঘটনায় দিল্লির নির্মাণ ও পুরনো বাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
দেখুন:




