সোনারপুরের রেশ কাটতে না কাটতেই আবার গণধর্ষণের ঘটনা ঘটল মিনাখাঁয় বলে অভিযোগ। যুবতীকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে দুই যুবক গণধর্ষণ করে বলে উঠেছে অভিযোগ। যুবতীর সঙ্গে পূর্ব পরিচয় ছিল ওই দুই যুবকের। সেই পরিচয়ের সুযোগ নিয়েই যুবতীকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা সামনে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। যুবতীকে মিনাখাঁ থানা এলাকার একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে মিনাখাঁ থানার পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানা এলাকার বাসিন্দা ওই যুবতী। তাঁর সঙ্গে পূর্ব পরিচয় ছিল বসিরহাটের মিনাখাঁ থানা এলাকার দুই যুবকের। সেই পরিচয়কে কাজে লাগিয়েই ওই দুই যুবক যুবতীকে মিনাখাঁর একটি গোপন জায়গায় নিয়ে যায়। নির্যাতিতা যুবতীর অভিযোগ, সেখানে তাঁকে গণধর্ষণ করা হয়। এই ঘটনার পর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বসিরহাট আদালতে পেশ করা হয়। আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছে। এই ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ আছে এবং অভিযুক্তদের সঙ্গে যুবতীর পূর্ব পরিচয় কেমন করে হয়েছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ।
দু’দিন আগে এক গৃহবধূর গলায় ছুরি ধরে খুনের হুমকি দিয়ে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। গৃহবধূর স্বামীকে মারধর করে খুনের হুমকি দিয়ে তারপর স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছিল সুভাষগ্রামে! আত্মীয়ের বাড়িতে সপরিবারে বেড়াতে এসেছিলেন বধূ। সেখানেই তাঁর গলায় ছুরি ধরে খুনের হুমকি দেওয়া হয়। তারপর গণধর্ষণ করে কয়েকজন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজপুর-সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে। তদন্তে নেমে ওই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত-সহ বাকিরা পলাতক। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
তাছাড়া গত ২৫ অক্টোবর, গাইঘাটায় এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। এক প্রতিবেশীর বাড়ি থেকে বিবস্ত্র অবস্থায় ওই দেহটি উদ্ধার করা হয়েছিল। পরিবারের দাবি, ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগে প্রহ্লাদ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুনর্নির্মাণের সময় পুলিশ বন্দুক ছিনিয়ে গুলি চালায়। পাল্টা পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্তের। এইসব ঘটনার রেশ কাটতে না কাটতেই মিনাখাঁয় গণধর্ষণের শিকার হলেন যুবতী বলে অভিযোগ।




