ঘূর্ণিঝড় অর্ণব আপাতত যা ঘটানোর তা ঘটিয়ে দিয়েছে। তাতে পশ্চিমবঙ্গের তেমন কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু আবার একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। আর তা নিয়েই কপালে পড়েছে ভাঁজ। কারণ সামনেই কালীপুজো। সেটা প্রাকৃতিক দুর্যোগের জেরে ভেস্তে যাক সেটা কেউ চান না। বঙ্গোপসাগরে আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরের উপর নতুন করে এই নিম্নচাপ কপালে ভাঁজ ফেলেছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতের আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে মানুষজনের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সাগরে তৈরি হতে চলা নতুন নিম্নচাপের তেমন প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আছে। বুধবার থেকে সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে একই পূর্বাভাস আছে। শনিবার উত্তরের ওই পাঁচ জেলায় হলুদ সতর্কতা আছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মঙ্গলবার থেকেই আবহাওয়া শুকনো হবে।
কিন্তু নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটার নাম হবে ‘মুরাসু’। ইতিমধ্যেই এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ এবং শক্তিবৃদ্ধির দিকে নজর রাখতে শুরু করেছেন আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় অর্ণবের যে অবশিষ্ট অংশ সেটা শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপর সেটা এখন অবস্থান করছে। তার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে সাড়ে চার কিলোমিটার উঁচুতে। তার প্রভাবে উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। তাই ওখানে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
তাছাড়া আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। অনুকূল পরিবেশ পাওয়ায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবারের মধ্যে ওই নিম্নচাপ ঘনীভূত হয়ে পরবর্তী দু’দিনে শক্তি বাড়িয়ে সেটা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে।




