• facebook
  • twitter
  • youtube
Saturday, 31 October, 2026

আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রীকে বরণে প্রস্তুত ঠাকুরনগর, দেখা করবেন মৃত কিশোরীর পরিবার

তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, রবিবার বেলা ১২টা নাগাদ ঠাকুরবাড়িতে আসবেন মুখ্যমন্ত্রী। প্রথমে মন্দিরে পুজো দেবেন তারপর

আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রীকে বরণে প্রস্তুত ঠাকুরনগর, দেখা করবেন মৃত কিশোরীর পরিবার

CM Suvendu Adhikari Photo-SNS

মুখ্যমন্ত্রীর আসছেন। আর তাঁকে বরণ করতে প্রস্তুত ঠাকুরনগর। রবিবার মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। রবিবারই শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন। সেখানেই যোগ দিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঠাকুরবাড়িতে যেতে চলেছেন শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতা থাকাকালীন একাধিকবার ঠাকুরবাড়িতে এসেছেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর এই আগমনকে ঘিরে সাজো সাজো রব তৈরি হয়েছে মতুয়াগড় ঠাকুরনগরে। এই এলাকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এসআইআরের দৌলতে। মুখ্যমন্ত্রী এখানে এসে কী বার্তা দেন সেটাই দেখার।

এদিকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে মতুয়া মহাসংঘের পক্ষে জোর প্রস্তুতি চলছে। এবার সভাস্থল পরিদর্শন করে সামগ্রিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও। ঠাকুরবাড়িতে শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন। সেখানেই প্রধান অতিথি হয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের সরকার বদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেটা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর। ওইদিন সেখানে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর থাকবেন বলেই জানা গিয়েছে। তিনি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন।

অন্যদিকে গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ-খুনের ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন পড়েছে। পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্তের। ঠাকুরবাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে নির্যাতিতার বাড়ি। নির্যাতিতার পরিবারের সদস্যরা চান, একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। পরিবারের মত, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে মৃতার বাবা-মা মানসিকভাবে অনেকটাই সাহস পাবেন। নির্যাতিতার এক আত্মীয় বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক। তিনি যদি আমাদের বাড়িতে আসেন আমরা মানসিকভাবে অনেকটা চাঙ্গা হবো। তবে মুখ্যমন্ত্রী আসবেন কিনা সেটা প্রশাসন আমাদের জানায়নি।’ প্রশাসন সূত্রে খবর, রবিবার হেলিকপ্টারে ঠাকুরনগরে আসবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।

তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, রবিবার বেলা ১২টা নাগাদ ঠাকুরবাড়িতে আসবেন মুখ্যমন্ত্রী। প্রথমে মন্দিরে পুজো দেবেন তারপর দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। আর মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সমস্ত কর্মসূচি শেষ করে সেখান থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন শুভেন্দু অধিকারী।