অন্ধ্রের উপকূলে অর্ণব আছড়ে পড়ার পর থেকেই ক্রমশ শক্তি হারাচ্ছে। বুধবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ভোরে আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে নিম্নচাপটি দক্ষিণ ছত্তীশগড় এবং দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করবে। ছত্তীশগড়ের জগদলপুর থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে এবং রায়পুর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে রয়েছে সেটি।
পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় প্রায় ২২ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছে নিম্নচাপটি। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সেটি আরও দুর্বল হয়ে পড়বে। তবে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব এ রাজ্যে না থাকলেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
অন্যদিকে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল থাকায় বৃহস্পতিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুর-সহ বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
গত কয়েকদিন ধরে উত্তরের বিভিন্ন এলাকায় রোদ ঝলমলে আবহাওয়া হওয়ায় একাধিক জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার দেখা গিয়েছিল। তবে বৃহস্পতিবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে। মেঘে ঢেকেছে উত্তরের আকাশ। এদিকে পূর্ব সিকিমে তুষারপাতের জেরে নাথুলা ও ছাঙ্গু এলাকা বরফে ঢেকে গিয়েছে।
আরও পড়ুন: দিঘা-মন্দারমণিতে উত্তাল সমুদ্র, অর্ণবের জেরে দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা
অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ অঞ্চলটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপের রূপ নিতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি আরও ঘনীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেখুন:




