• facebook
  • twitter
  • youtube
Monday, 12 October, 2026

পুজোর মুখে পর্যটকদের নতুন আকর্ষণ, কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত চালু টয়ট্রেন পরিষেবা

দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত প্রতিদিন টয়ট্রেনের মতো এই দুটি ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রবিবার কার্শিয়াং রেলওয়ে স্টেশনে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সহকারী জেনারেল ম্যানেজার রমেশকুমার এই পরিষেবার উদ্বোধন করেন।

পুজোর মুখে পর্যটকদের নতুন আকর্ষণ, কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত চালু টয়ট্রেন পরিষেবা

প্রতিনিধিত্বমূলক চিত্র

পর্যটকরা যাতে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারে, তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। পুজোর আগেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দুটি বিশেষ টয়ট্রেন পরিষেবা চালু করল। রবিবার কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত বাষ্পচালিত রেড পান্ডা ও ডিজেলচালিত মুক্তধারা চালু করা হল।

কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত চালু হল এই দুটি বিশেষ টয়ট্রেন পরিষেবা। রেলসূত্রের খবর, ‘মুক্তধারা’ ডিজেলচালিত ট্রেনটি প্রতিদিন দুপুর ৩টে ১৫ মিনিটে কার্শিয়াং স্টেশন থেকে মহানদীর দিকে রওনা দেবে। কার্শিয়াংয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশ দিয়ে ট্রেনটি বিকেল ৪টে নাগাদ মহানদীতে পৌঁছবে। সেখান থেকে বিকেল ৫টা নাগাদ সেটি কার্শিয়াং স্টেশনে পৌঁছবে।

অন্যদিকে, ‘রেড পান্ডা’ পরিষেবাটিও কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত চালু করা হয়েছে। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত প্রতিদিন টয়ট্রেনের মতো এই দুটি ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রবিবার কার্শিয়াং রেলওয়ে স্টেশনে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সহকারী জেনারেল ম্যানেজার রমেশকুমার এই পরিষেবার উদ্বোধন করেন।

রমেশকুমার এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত ঐতিহ্যবাহী রেলপথের অংশ। সেই ঐতিহ্যকে সামনে রেখে কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত এই পরিষেবা পাহাড়ের পর্যটনে বাড়তি মাত্রা যোগ করতে চলেছে।

আরও পড়ুন: ইভিএম সঙ্কট কাটাতে আদালতে রাজ্য নির্বাচন কমিশন, ডেডলাইন হাইকোর্টের

উদ্বোধনের পরেই কার্শিয়াংয়ের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের জয়রাইড করানো হয়। ঐতিহ্যবাহী টয়ট্রেনে চেপে পড়ুয়ারা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। পাহাড়ের মনোরম দৃশ্য, চা-বাগান ও প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে এই রেলযাত্রা পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।