উৎসবের মরশুমে ফের জ্বালানির মূল্যবৃদ্ধি। পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল বেসরকারি জ্বালানি সংস্থা জিয়ো-বিপি। রবিবার, ১১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ফলে উৎসবের মরশুমে পকেটে আরও চাপ বাড়ল সাধারণ মানুষের।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য পরিশোধিত জ্বালানি পণ্যের দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ন্ত্রিত জিয়ো-বিপি। দাম বাড়ার পর সংস্থার পেট্রোলের লিটার প্রতি মূল্য দাঁড়িয়েছে ১০৯.৮০ টাকা। অন্যদিকে, ডিজেলের নতুন দাম লিটার প্রতি ৯৭.৭৫ টাকা। এর সঙ্গে বিভিন্ন রাজ্যের স্থানীয় কর যুক্ত হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় জ্বালানির দাম আরও বাড়তে পারে।
উল্লেখযোগ্য বিষয় হল, গত ১০ দিনের মধ্যে দ্বিতীয় বেসরকারি জ্বালানি সংস্থা হিসেবে দাম বাড়াল জিয়ো-বিপি। এর আগে গত ৩ অক্টোবর নায়ারা এনার্জিও পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছিল। পরপর দুই বেসরকারি সংস্থার এই সিদ্ধান্তে জ্বালানির বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা আরও জোরালো হয়েছে।
তবে এখনও পর্যন্ত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর পথে হাঁটেনি। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন—তিন সংস্থাই আপাতত দাম অপরিবর্তিত রেখেছে। তবে বেসরকারি সংস্থাগুলির পরপর মূল্যবৃদ্ধির পর রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও কি একই পথে হাঁটবে, তা নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে।




