• facebook
  • twitter
  • youtube
Monday, 12 October, 2026

পুজোর আগেই আন্তর্জাতিক ময়দানে ডাকাতি! ৫ দেশে মুক্তি পাচ্ছে যিশু-শিবপ্রসাদের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’

পুজোর পর্দায় যিশু সেনগুপ্ত ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ঘিরে

পুজোর আগেই আন্তর্জাতিক ময়দানে ডাকাতি! ৫ দেশে মুক্তি পাচ্ছে যিশু-শিবপ্রসাদের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’

WINDOWS FACEBOOK

পুজোর পর্দায় যিশু সেনগুপ্ত ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রত্যাশা। এবার সেই উন্মাদনাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে এগিয়ে এল আন্তর্জাতিক পরিবেশক সংস্থা প্রত্যঙ্গিরা সিনেমাস। মূলত বড় বাজেটের দক্ষিণ ভারতীয় ছবিকে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহে পৌঁছে দেওয়ার কাজ করে এই সংস্থা। এবার তাদের হাত ধরেই প্রবাসী বাঙালিদের মন জয়ের লক্ষ্যে বিদেশের মাটিতে পা রাখতে চলেছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।

‘কেজিএফ’ এবং ‘কান্তারা’র মতো জনপ্রিয় ছবির প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস আগেই এই ছবির আন্তর্জাতিক মুক্তির পরিকল্পনায় যুক্ত হয়েছিল। এবার প্রত্যঙ্গিরা সিনেমাস জানিয়ে দিল, আগামী ২৩ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ফলে বাংলার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে দর্শকদের কাছে পৌঁছনোর পথে আরও এক ধাপ এগিয়ে গেল ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।

হোমবেল ফিল্মসের তরফে আগেই জানানো হয়েছিল, ‘বহুরূপী’ ফ্র্যাঞ্চাইজিকে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সেই উদ্যোগে এবার যুক্ত হল প্রত্যঙ্গিরা সিনেমাসও। ফলে ছবিটির বিদেশে মুক্তি ঘিরে প্রত্যাশা আরও বেড়েছে। বাংলা ছবির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

 

 

 

 

অন্যদিকে, ‘দেশু ৭’-এর প্রচারে যখন ব্যস্ত দেব ও শুভশ্রী, তখন আন্তর্জাতিক মুক্তির ঘোষণা করে প্রচারের ময়দানে নতুন চমক দিল ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। পুজোর বক্স অফিসে ছবিটি কতটা সাড়া ফেলতে পারে, এখন সেদিকেই নজর দর্শক ও বাংলা চলচ্চিত্র মহলের।

উল্লেখ্য, ২০২৪ সালের পুজোয় মুক্তি পাওয়া নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ বক্স অফিসে সাফল্য পেয়েছিল। বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশের কিছু প্রদর্শনীতেও ছবিটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। ছ্যাঁচড়াপুরের বিক্রমের চরিত্রে শিবপ্রসাদের অভিনয়ও দর্শকদের মনে জায়গা করে নেয়। দু’বছর পর ফের পুজোর মরশুমে নতুন গল্প ও নতুন চমক নিয়ে ফিরছে ‘বহুরূপী’ দল। এবার দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও কতটা সাফল্য পায় ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’, সেটাই দেখার।