• facebook
  • twitter
  • youtube
Sunday, 11 October, 2026

সান্দাকফুতে আবার তুষারপাত, দুর্গাপুজোর পর্যটন মরশুমের মুখে খুশি পর্যটকরা

তাছাড়া সান্দাকফুতে তুষারপাতের খবর পর্যটকদের পাহাড়মুখী করার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে

সান্দাকফুতে আবার তুষারপাত, দুর্গাপুজোর পর্যটন মরশুমের মুখে খুশি পর্যটকরা

Sandakfu Snowfall Photo-ANI

আর পাঁচদিন পরই দুর্গাপুজো। ইতিমধ্যেই এই উৎসবের মরশুমে যাঁরা উত্তরবঙ্গ সফরে যাবেন তাঁরা প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ব্যাগ প্যাকিং থেকে শুরু করে পথে কী খাবেন সেটা পর্যন্ত ঠিক হয়ে গিয়েছে। উৎসবের মরশুমে পাহাড়ের কোলে নৈসর্গিক দৃশ্য দেখে আনন্দ নিতে পর্যটকরা প্রস্তুত। এই আবহে এল খুশির খবর। তাই নিজেদের আর ধরে রাখতে পারছেন না তাঁরা। এখনই সেখানে চলে যেতে মন চাইছে। কারণ সিকিমের নাথুলার পর দার্জিলিং জেলার সান্দাকফুতে আবার তুষারপাত ঘটেছে। দুর্গাপুজোর পর্যটন মরশুমের মুখে পাহাড়ে তুষারপাতের খবরে পর্যটকদের মনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

দুর্গাপুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে এসে তুষারপাতের সাক্ষী থাকতে চান অনেকেই। এবার প্রাকৃতিক কারণেই সেই সুযোগ মিলতে চলেছে। এখন যাঁরা সেখানে আছেন তাঁরা প্রকৃতির কোলে বরফের চাদরে নিজেদের মেলে ধরে আনন্দ উপভোগ করছেন।  আর তাই যাঁরা যাবেন সেইসব পর্যটকদের মধ্যে কৌতূহল বাড়ছে। বর্ষার জেরে মনে যে বিষন্নতা তৈরি হয়েছিল সেসব এখন অতীত। বরং এখনই বরফের চাদরে প্রবেশ করতে চাইছেন পর্যটকরা। দুর্গাপুজোর পর্যটন মরশুমে পাহাড়ে তুষারপাত পর্যটকদের কাছে বাড়তি প্রাপ্তি। এখন তা নিয়ে জের আলোচনা শুরু হয়েছে।

এই আলোচনা যখন তুঙ্গে তখন সান্দাকফুতে আবার তুষারপাতের খবর সামনে এল। শুক্রবার এবং শনিবার দুপুরে তুষারপাতের খবর এসেছিল। এবার রবিবারও একই খবর মিলল। আর তাতেই শহর থেকে গ্রামবাংলার যেসব পর্যটকরা এবার দুর্গাপুজোয় পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তাঁদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। সেখানে এই তুষারপাত এখন পর্যটকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। আর এই আবহে তুষারপাতকে ঘিরে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার আলো তৈরি হয়েছে। রাস্তা থেকে বাড়িঘর ঢেকে যায় বরফে। দুপুরের পরে আবহাওয়া পরিষ্কার হয়ে যায়। তবে বৃষ্টিপাতও হয় দার্জিলিং এবং কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকায়। আর ভালরকম স্নোফল হয় নাথুলা এবং উত্তর সিকিমের লাচুং, লাচেন, সান্দাকফুতে।

তাছাড়া সান্দাকফুতে তুষারপাতের খবর পর্যটকদের পাহাড়মুখী করার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দুর্গাপুজোর ছুটিতে যাঁরা পাহাড়ে বেড়াতে আসার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে এই খবর বাড়তি আকর্ষণ তৈরি করবে। কিন্তু কেন এখন তুষারপাত? এই বিষয়ে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটকের অধিকর্তা দেবপ্রিয় রায় বলেন, ‘মৌসুমি বায়ূ সরে যাচ্ছে। এবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। তার জেরে এখন হিমালয় সংলগ্ন এলাকায় তুষারপাত অস্বাভাবিক কিছু নয়।’ আর পর্যটন ব্যবসায়ী সৌমিত্র কুণ্ডু বলছেন, ‘বর্ষা চলে গেলেই আমাদের এখানে পশ্চিমী ঝঞ্ঝার জন্য স্নোফল হতে থাকে। মহালয়ার দিন থেকে তিনদিন হল। পর্যটন ব্যবসার জন্য খুবই ভাল খবর।’