ক্ষমতায় আসার পর বিজেপির কিছু নেতা-কর্মী দেদার তোলাবাজি শুরু করেছে। এই অভিযোগ প্রকাশ্যেই করেছিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তা নিয়ে রাজ্য-রাজনীতিতে বিস্তর জলঘোলা শুর হয়েছিল। দিকে দিকে এমন অভিযোগ উঠতে শুরু করেছিল। এবার অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠল। আর সেই অভিযোগও তুললেন এই বিজেপি বিধায়ক। তবে এতে বিজেপির কেউ জড়িত কিনা সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু রাতের অন্ধকারে অবৈধভাবে বালি তোলা যে হচ্ছে তা নিয়ে সমাজমাধ্যমে কড়া পোস্ট করেছেন জিতেন্দ্র তিওয়ারি। বালি মাফিয়াদের দাপট বাড়তে শুরু করেছে বলেই অভিযোগ।
পশ্চিম বর্ধমানের অজয় নদের ঘাট থেকে দেদার তোলা হচ্ছে বালি! এই আলোড়ন ফেলা অভিযোগ তুললেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এই অভিযোগ তোলার পর থেকেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর প্রাক্কালে এমন তথ্য যে সামনে আসবে তা কেউ কল্পনাও করেননি। খোদ বিজেপি বিধায়ক যদি এমন অভিযোগ করে থাকেন তাহলে পরিস্থিতি তো ভয়ঙ্কর। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুরের মাধাইপুর এবং পাণ্ডবেশ্বর একাধিক ঘাট থেকে বালি তুলে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। যে লরিতে করে তা করা হচ্ছিল সেই লরির চালান বীরভূমের বলে সূত্রের খবর। রবিবার বিজেপি বিধায়ক সমাজমাধ্যমে পোস্ট করে দাবি করেন, পাণ্ডবেশ্বরে বালি পাচারের অভিযোগে ১০টি ট্রাক আটক করে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দিয়েছেন।
বালি পাচার, কয়লা পাচার নিয়ে বিজেপি নেতারা সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জমানা থেকে। সেখানে এখন ডবল ইঞ্জিনের সরকার হওয়ার পরও একই অভিযোগ করতে হচ্ছে বিজেপি বিধায়ককে। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চর্চা শুরু হয়েছে। রবিবার ছুটির দিন হওয়ায় পাড়ার মোড়ে, চায়ের দোকানে এখন এই আলোচনাই চলছে। পাণ্ডবেশ্বরের অজয় নদ থেকে বালি তোলার ক্ষেত্রে বীরভূমের চালান ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। এই অভিযোগ সামনে আসতেই বিষয়টি নিয়ে সরব হন স্থানীয় বাসিন্দারা। এই বালি মাফিয়াদের দাপট দিন দিন বাড়ছে বলে অভিযোগ। এই দাপট কমাতেই এবার ১০টি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকগুলি পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। অবৈধ বালি কারবার ঠেকাতে প্রথম থেকেই তৎপর হয়েছে বিজেপি সরকার। তারপরও সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে চলছে এই বালি পাচার।
এই অভিযোগ ওঠার পর থেকে এবং বালি বোঝাই লরি আটক হওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। রাতের অন্ধকারে সবার চোখে ধুলো দিয়ে বালি পাচার করা হচ্ছে বলে অভিযোগ। এই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ওই বালি বোঝাই লরিগুলিকে আটকে দেন। তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এই বিষয়টি পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নজরে আসতেই সমাজমাধ্যমে কড়া পোস্ট করে সরব হন। তিনি স্থানীয় মানুষজনকে ধন্যবাদ জানান। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।




