• facebook
  • twitter
  • youtube
Saturday, 10 October, 2026

দিল্লিতে ধরনা দিতে গিয়ে আটক মমতা, সঙ্গে আটক তৃণমূলের দুই সাংসদ সাকেত-ডেরেক

এক্স-এ একটি পোস্টে সাকেত গোখলে জানান, দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) তাঁদের আটক করেছে। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা জানানো হয়নি বলেও দাবি করেন তিনি

দিল্লিতে ধরনা দিতে গিয়ে আটক মমতা, সঙ্গে আটক তৃণমূলের দুই সাংসদ সাকেত-ডেরেক

Image: X/KunalGhoshAgain

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে শনিবার আটক হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দক্ষিণ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে ধরনায় বসেছিলেন মমতা (Mamata Banerjee)। সেই সময় দিল্লি পুলিশ তাঁকে আটক করে। তাঁর সঙ্গে আটক করা হয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে, ডেরেক ও’ব্রায়েন-সহ আরও তিন জনকে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই বিক্ষোভের ডাক দেয় সিজেপি।

আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে আটক সিজেপির অভিজিৎ দীপকে, আটক সৌরভ-আশুতোষও

এক্স-এ একটি পোস্টে সাকেত গোখলে জানান, দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) তাঁদের আটক করেছে। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।

কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, ‘দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। কোনও রকম প্রতিবাদে সামিল হতেও দেওয়া হচ্ছে না। সাংসদদের নিয়ে তিনি বাড়ির সামনেই বসে পড়েছে।’ এরপরেই মমতাকে আটক করা হয় বলে জানা গিয়েছে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, তিনি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দেবেন। বিক্ষোভে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পর ককরোচ জনতা পার্টির সদস্য অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়। আটক করা হয় আইসার নেত্রী নেহা বোরাকেও।

বিক্ষোভের আগে রাজধানীতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪০ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করা হয়। বিভিন্ন জায়গায় বসানো হয় ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। সেই অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে বিক্ষোভের ডাক দেওয়া হয়।

দেখুন: