• facebook
  • twitter
  • youtube
Sunday, 4 October, 2026

সেমিফাইনালের আগে জেমির চোটে চিন্তা, পাঞ্জাবের বিরুদ্ধে ঝুঁকি নেবেন না দিলেমপেরিস

আইএফএ শিল্ডের প্রথম সেমিফাইনালে নামার আগে মোহনবাগান শিবিরে চিন্তা বাড়াচ্ছে জেমি ম্যাকলারেনের চোট। কুঁচকির চোটের কারণে

সেমিফাইনালের আগে জেমির চোটে চিন্তা, পাঞ্জাবের বিরুদ্ধে ঝুঁকি নেবেন না দিলেমপেরিস

Mohun bagan facebook

আইএফএ শিল্ডের প্রথম সেমিফাইনালে নামার আগে মোহনবাগান শিবিরে চিন্তা বাড়াচ্ছে জেমি ম্যাকলারেনের চোট। কুঁচকির চোটের কারণে রবিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে শুরু আইএসএল। ১২ অক্টোবর অভিযান শুরু করবে মোহনবাগান। ফলে আইএসএলের আগে দলের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস।

কলকাতা ময়দান এই মুহূর্তে বন্ধ থাকায় কিশোরভারতী স্টেডিয়ামেই অনুশীলন করছে মোহনবাগান। সেমিফাইনালের আগের দিন প্রায় ৪৫ মিনিট অনুশীলন করান দিলেমপেরিস। সেটপিসের পাশাপাশি পেনাল্টি অনুশীলনেও বিশেষ জোর দেন তিনি। নকআউট ম্যাচ হওয়ায় টাইব্রেকারের সম্ভাবনা মাথায় রেখে বেশ কিছুক্ষণ পেনাল্টি অনুশীলন করানো হয় ছাংতেদের।

আইএসএলের প্রস্তুতি হিসেবেই আইএফএ শিল্ডকে দেখছে মোহনবাগান। ঘরোয়া লিগ জিতলেও ডুরান্ড কাপে সাফল্য আসেনি। তাই আইএসএলে নামার আগে শিল্ড জিতে আত্মবিশ্বাস বাড়াতে চাইছে সবুজ-মেরুন শিবির। সেই লক্ষ্যেই পাঞ্জাবের বিরুদ্ধে সেরা দল নামানোর পরিকল্পনা থাকলেও ম্যাকলারেনের চোট পরিস্থিতি বদলে দিতে পারে।

অন্যদিকে, দিলেমপেরিসের প্রাক্তন ক্লাব পাঞ্জাব এফসিও এই ম্যাচে সমস্যায়। সেমিফাইনালে খেলতে পারবেন না নিখিল প্রভু। ম্যাচের আগে পাঞ্জাব কোচ পাভলস ডারমিজাকিস বলেন, “মোহনবাগান ম্যাচটাও আমাদের কাছে কঠিন ম্যাচ হতে চলেছে। আমার ছেলেদের ওপর আস্থা রয়েছে।”

ম্যাকলারেনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাকি বিদেশিদের এই ম্যাচে পাওয়ার কথা মোহনবাগানের। অন্য সেমিফাইনালে সোমবার নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচটিও হবে কিশোরভারতী স্টেডিয়ামে।

তবে সেমিফাইনালের দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনও অনিশ্চিত আইএফএ শিল্ডের ফাইনাল। প্রতিযোগিতার শেষ পর্যায়ে এসেও ফাইনালের সূচি নিয়ে জটিলতা কাটেনি। এবারের শিল্ড শুরু থেকেই নানা কারণে বিতর্কে। মাত্র ছ’টি দলকে নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা। শুরুর ঠিক আগের দিন নাম প্রত্যাহার করে মহামেডান। অন্যদিকে মাত্র এক দিন অনুশীলনের পর প্রতিযোগিতায় নেমেছিল কাস্টমস। মাঠে তাদের পারফরম্যান্সও ছিল হতাশাজনক।

ফাইনাল নিয়ে এখনও টানাপোড়েন চলায় প্রতিযোগিতার আয়োজন নিয়েই ফের প্রশ্ন উঠছে। তার মধ্যেই রবিবার প্রথম সেমিফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে নামছে মোহনবাগান। ম্যাকলারেনকে পাওয়া যাবে কি না, এখন সেটাই সবুজ-মেরুন শিবিরের অন্যতম বড় চিন্তা।

আজ আইএফএ শিল্ড

মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি
স্থান: কিশোরভারতী স্টেডিয়াম
সময়: বিকেল ৫টা