• facebook
  • twitter
  • youtube
Monday, 21 September, 2026

শিল্প টানতে মুম্বাই রওনা দিলেন মুখ্যমন্ত্রী, মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ করবেন

তাছাড়া ঝিমিয়ে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে এটা নিঃসন্দেহে বড় পদক্ষেপ। এই রাজ্যে যে শিল্পখরা তৈরি হয়েছে সেটা কাটিয়ে তুলতেই

শিল্প টানতে মুম্বাই রওনা দিলেন মুখ্যমন্ত্রী, মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ করবেন

CM Suvendu Adhikari Photo-SNS

পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগ সুনিশ্চিত করতে মুম্বাই রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে নতুন লগ্নি এবং শিল্পোদ্যোগ আনতেই তাঁর এই বাণিজ্যনগরী সফর। মুম্বাই পৌঁছে দেশের প্রথমসারির শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন তিনি। এই সাক্ষাৎ পশ্চিমবঙ্গে রিলায়েন্স গোষ্ঠীর ব্যবসায়িক পরিধি আরও বৃদ্ধি করা এবং নতুন ক্ষেত্রগুলিতে বিনিয়োগের আর্জি জানানোই মূল উদ্দেশ্য। আম্বানির সঙ্গে দেখা করতে চেয়ে আগেই সময় চেয়েছিলেন। সেই সময় পেয়েই এবার মুম্বাই রওনা দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে আম্বানিদের বেশ কিছু ব্যবসা আছে। সেগুলি আরও যাতে ছড়িয়ে পড়ে এবং আরও বিনিয়োগ হয় সেই আবেদন নিয়ে মুকেশ আম্বানির সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূ্র্ণ।

এদিকে এই বৈঠকে উঠে আসতে পারে গুজরাতে রিলায়েন্সের অধীনস্থ বিশ্বমানের বন্যপ্রাণ সংরক্ষণ এবং চিকিৎসা প্রকল্প ‘বনতারা’। সূত্রের খবর, পূর্ব ভারতে ‘বনতারা’-র একটি নতুন শাখা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আম্বানিদের। রাজ্য সরকার চাইছে উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স কিংবা রাঢ়বঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার বিস্তীর্ণ অরণ্য অঞ্চলে এই প্রকল্প নিয়ে আসতে। কদিন আগে পুরুলিয়া সফরে গিয়ে দক্ষিণবঙ্গের প্রথম বন্যপ্রাণ অভয়ারণ্য গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই ঘোষণার পরই আম্বানিদের ‘বনতারা’ প্রকল্পকে রাজ্যে নিয়ে আসার সম্ভাবনা প্রবল হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে গত মে মাসে রাজ্যের ক্ষমতায় আসে বিজেপি। তারপর থেকে অর্থনীতির হাল ফেরাতে নানা পরিকল্পনা করছে শুভেন্দু অধিকারী সরকার। শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বারবার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন।  শিল্পনীতিতে বদল করেছেন। এমনকী শনিবার বিশিষ্ট শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বিড়লাদেরও এখানে বড় ব্যবসা আছে। তাই আরও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মুম্বাই গিয়ে দেখা করবেন দেশের প্রথমসারির শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে। পশ্চিমবঙ্গে আম্বানিদের বিনিয়োগ টানতে পারলে তা বড় পদক্ষেপ হবে।

তাছাড়া ঝিমিয়ে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে এটা নিঃসন্দেহে বড় পদক্ষেপ। এই রাজ্যে যে শিল্পখরা তৈরি হয়েছে সেটা কাটিয়ে তুলতেই এখন অগ্রাধিকার দিচ্ছে নবান্ন। ইতিমধ্যেই আধুনিকীকরণ করা হয়েছে রাজ্যের শিল্পনীতিতেও। মুম্বাইয়ে মুকেশ আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক বাংলায় নতুন বিনিয়োগের দরজা খুললেও খুলে যেতে পারে বলে মনে করছেন অনেকে।