• facebook
  • twitter
  • youtube
Saturday, 19 September, 2026

নতুন বছরের শুরুতেই খুলে যাবে কবি সুভাষ মেট্রো, সময়সীমা বেঁধে দিল রেলবোর্ড

মেট্রো সূত্রে খবর, রেলবোর্ডের পক্ষ থেকে ১ জানুয়ারি দিনটি কবি সুভাষ মেট্রো স্টেশন চালুর জন্য ঠিক করা হয়েছে। তার মধ্যেই কাজ শেষ করতে হবে

নতুন বছরের শুরুতেই খুলে যাবে কবি সুভাষ মেট্রো, সময়সীমা বেঁধে দিল রেলবোর্ড

Kolkata Metro Photo-SNS

কবি সুভাষ মেট্রো স্টেশন দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছে। তা নিয়ে যাত্রীদের মধ্যেও ক্ষোভ রয়েছে। এবার সেই ক্ষোভ একধাক্কায় উড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে রেলবোর্ড। এই কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো যাওয়া বন্ধ ছিল। তা নিয়ে যাত্রীরা নানা আলোচনাও করতেন। কিন্তু এবার সেসবের অবসান ঘটতে চলেছে। ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে রেলের একের পর এক প্রকল্প শুরু হয়েছে। দুরন্ত গতিতে কাজ চলছে মেট্রোতেও। তারই অংশ হিসাবে এবার খুলে যেতে চলেছে কবি সুভাষ মেট্রো স্টেশন। এই খবর চাউর হতেই মেট্রো যাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে।

২০২৭ সালের শুরুতেই নতুনরূপে সেজে উঠবে কবি সুভাষ স্টেশন। আর তখনই স্টেশন চালু করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে রেলবোর্ড। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১ জানুয়ারি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে কবি সুভাষ স্টেশন। আর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। যেহেতু রাজ্যে এখনও বৃষ্টি চলছে নাগাড়ে তাই এই কাজে সমস্যা দেখা দিয়েছে। গত দু’মাস প্রায় রোজই বৃষ্টির দাপট কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং নতুন স্টেশন তৈরির কাজ ধীর গতিতে চলছিল। এই কারণে নিউ গড়িয়া স্টেশনের কাজ শেষ করে ১ জানুয়ারি মেট্রো চালু করা যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। যদিও দুর্গাপুজোর পর থেকে আর বৃষ্টি হবে না। তখন কাজের গতি আরও বাড়বে।

মেট্রো সূত্রে খবর, রেলবোর্ডের পক্ষ থেকে ১ জানুয়ারি দিনটি কবি সুভাষ মেট্রো স্টেশন চালুর জন্য ঠিক করা হয়েছে। তার মধ্যেই কাজ শেষ করতে হবে। আর তাই দিনরাত এক করে কাজ চলছে জোরকদমে। ওই স্টেশন ভাঙার কাজ শেষ করে নতুন স্টেশন তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে। দ্রুততার সঙ্গে সেটা শেষ করার উদ্যোগও নেওয়া হয়েছে। এই কবি সুভাষ মেট্রো স্টেশন যেদিন থেকে বন্ধ সেদিন থেকে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। আর নিউ গড়িয়া-বেলেঘাটা রুটে ফাঁকা ট্রেন চালিয়ে লোকসানও হয়েছে। বেশিরভাগ যাত্রীই এই লাইনের মেট্রোয় উঠতেন নিউ গড়িয়া থেকে। সেটা বন্ধ হওয়াতেই যাত্রীসংখ্যা কমে যায়। তাই চলতি বছরের শেষেই স্টেশন তৈরির কাজ শেষ করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।

তাছাড়া গত ২৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন। প্ল্যাটফর্মের পিলারে ফাটল-সহ নানা পরিকাঠামোগত সমস্যা দেখা দিয়েছিল। তাই গোটা স্টেশনকে ভেঙে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেটা নতুন করে গড়ে উঠে পরিষেবা শুরু হতে চলেছে। রেলবোর্ড চাইছে যাত্রীদের নতুন বছরের উপহার হিসাবে কবি সুভাষ স্টেশন চালু করতে।