সচরাচর ২২ গজে ব্যাট হাতে দাপট দেখিয়েই শিরোনামে থাকেন রোহিত শর্মা। কিন্তু ইদানীং ক্রিকেটের বাইরের নানা বিষয়েও তাঁকে ঘিরে তৈরি হচ্ছে চর্চা। টেলিভিশনে প্রথম বার সঞ্চালকের ভূমিকায় দেখা দেওয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবন—বারবারই আলোচনার কেন্দ্রে উঠে আসছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এরই মধ্যে বহু পুরনো এক সম্পর্কের প্রসঙ্গ ফের সামনে এনে চাঞ্চল্য ছড়ালেন ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা সোফিয়া হায়াত।
রোহিতের সঙ্গে সোফিয়ার সম্পর্ক নিয়ে বহু বছর ধরেই নানা জল্পনা রয়েছে। রোহিত নিজে কখনও প্রকাশ্যে এই সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে সোফিয়া অতীতেও একাধিক বার দাবি করেছিলেন, রোহিতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবার এক পডকাস্টে সেই পুরনো অধ্যায় নিয়েই ফের মুখ খুলেছেন তিনি।
বিগ বস ৭-এর প্রতিযোগী সোফিয়া দীর্ঘদিন আইপিএলের সঙ্গেও যুক্ত ছিলেন। এমনকি নিজেকে আইপিএলের ‘লাকি মাসকট’ বলেও দাবি করেছিলেন তিনি। সেই সময় থেকেই রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। এবার সেই প্রসঙ্গ টেনে সোফিয়া দাবি করেছেন, তিনি ছিলেন রোহিতের প্রথম প্রেমিকা।
শুধু প্রেমের সম্পর্কের দাবি নয়, রোহিতের সঙ্গে তাঁদের ব্যক্তিগত ঘনিষ্ঠতা নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন সোফিয়া। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁদের সম্পর্ক ছিল যথেষ্ট গভীর এবং শারীরিক ঘনিষ্ঠতাও তৈরি হয়েছিল। তবে এই সমস্ত দাবির কোনওটিই রোহিতের তরফে প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি।
সোফিয়ার দাবি, সম্পর্কের সময়ে রোহিত তাঁকে সবার সামনে নিজের প্রেমিকা হিসেবে পরিচয় না দিয়ে সাধারণ এক অনুরাগী হিসেবে উল্লেখ করেছিলেন। সেই ঘটনায় তিনি অত্যন্ত অপমানিত ও ক্ষুব্ধ হন। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই ঘটনার পর থেকেই সম্পর্কে চিড় ধরে এবং শেষ পর্যন্ত রোহিতকে সমাজমাধ্যমে ব্লক করে দেন তিনি।
I was Rohits first. Someone needs to teach men how to be sensual in bed. It is not a sprint. Watch this and other secrets of my sex life on my new show, Straight Talk Queer Wisdom. Link in bio. #rohitsharma https://t.co/cR7TOUvrZb
— Sofia Hayat (@sofiahayat) September 14, 2026
এই প্রথম নয়। কয়েক বছর আগেও একই ধরনের দাবি করেছিলেন সোফিয়া। এমনকি রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কের নানা অজানা দিক নিয়ে একটি বই লেখার কথাও জানিয়েছিলেন। যদিও সেই বই এখনও প্রকাশ্যে আসেনি।
রোহিত অবশ্য বরাবরই এই বিষয়ে নীরব থেকেছেন। তাঁর বর্তমান স্ত্রী রীতিকা সাজদেহের সঙ্গে সম্পর্কের বাইরে অতীতের কোনও প্রেমের সম্পর্ক নিয়েও প্রকাশ্যে বিশেষ কথা বলতে দেখা যায়নি তাঁকে। ফলে সোফিয়ার নতুন মন্তব্য সামনে আসতেই ফের আলোচনায় রোহিতের ব্যক্তিগত জীবন।
ক্রিকেট থেকে অনেক দূরের এই পুরনো অধ্যায় এত বছর পর ফের প্রকাশ্যে আসায় স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হয়েছে। তবে সোফিয়ার দাবির সত্যতা নিয়ে রোহিতের কোনও প্রকাশ্য বক্তব্য না থাকায় বিষয়টি এখনও তাঁর একতরফা বক্তব্য হিসেবেই রয়ে যাচ্ছে।




