গড়িয়ার ফরতাবাদে লিভ-ইন পার্টনারকে খুনের ঘটনার পুননির্মাণ করল পুলিশ। মঙ্গলবার সকালে ধৃত তরুণী সঞ্চালিকা বসু ও তাঁর মা মোমিতা বসুকে ফরতাবাদের সেই ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিন ঘটনাস্থল থেকে ফরেন্সিক দলের সদস্যরা নমুনা সংগ্রহ করেন।
গোটা ঘটনা পুননির্মাণের মাধ্যমে সেদিন রাতে ঠিক কী ঘটেছিল, তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে কীভাবে সার্থক সরকারের মৃত্যু হল? এই ঘটনায় তরুণীর মায়ের ঠিক কী ভূমিকা ছিল? তাও খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রের খবর, ফরতাবাদ এলাকায় একটি ফ্ল্যাটে সার্থক ও সঞ্চালিকা একসঙ্গে থাকতেন। তাঁরা লিভ-ইন করতেন। অভিযুক্ত তরুণী আইনের ছাত্রী। এদিকে সার্থক ছিলেন ইঞ্জিনিয়ার। সার্থকের বাড়ি বারাসতে। শনিবার রাতে কিছু একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে অশান্তি হয়। অভিযোগ, অশান্তির সময়তেই সঞ্চালিকা ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে কোপ মারেন।
পুলিশ সূত্রের খবর, গুরুতর আহত অবস্থায় সার্থককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা সার্থককে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ সার্থকের প্রেমিকা সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকেও গ্রেপ্তার করে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, চপস্টিকের মতো ধারালো কোনও জিনিস দিয়ে সার্থককে আঘাত করা হতে পারে। চুলের কাঁটাও ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: লিভ-ইন পার্টনারকে কুপিয়ে খুনের অভিযোগ সঙ্গিনীর বিরুদ্ধে, গ্রেপ্তার মা ও তরুণী
পুলিশ জানতে পেরেছে, সঞ্চালিকার মা মৌমিতা বিউটি পার্লারে সাজগোজের সরঞ্জাম সাপ্লাইয়ের কাজ করতেন। ফলে চুলের কাঁটা ব্যবহার করার বিষয়টি পুলিশের নজরে রয়েছে। এর মধ্যে মঙ্গলবার ঘটনার পুননির্মাণের জন্য ধৃত মা ও মেয়েকে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হল। তাঁদের দু’জনকে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর সরাসরি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছেন তদন্তকারীরা।




