লালমাটির লোকসঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। সেই সুর শুধু গ্রামে সীমাবদ্ধ থাকেনি। আন্তর্জাতিক স্তরেও পৌঁছে গিয়েছিল। তাই তো দেশ তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল। কিন্তু খোদ বীরভূমের মাটিতেই চরম অবিচারের সম্মুখীন হয়েছেন লোকশিল্পী পদ্মশ্রী পূর্ণদাস বাউল। ইলামবাজারে তাঁর জমি জবরদখল করা হয়েছে। কলকাতার বাসভবন ভাঙচুর-উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ। এই জোড়া অভিযোগ নিয়ে এবার সোজা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হলেন ৯৩ বছরের প্রবীণ বাউল সাধক। জমি দখলদারির ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এখন ঋতব্রত গোষ্ঠীর শিবিরে যোগ দিয়েছেন কেষ্ট।
বুধবার সল্টলেকে জনতার দরবারে আসেন বর্ষীয়ান বাউল শিল্পী। শিল্পী এবং তাঁর ছেলের অভিযোগ, বামফ্রন্টের জমানায় জমি দখল হয়েছে। তৃণমূল জমানায় বারবার অভিযোগ জানিয়েও জমি ফেরত মেলেনি। তবে এবার সমস্যা মিটবে বলেই আশাবাদী পূর্ণদাস বাউলের পরিবার। এই বিষয়ে পূর্ণদাস বাউলের ছেলে দিব্যেন্দু সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের পৈতৃক ভিটেতে আশ্রম ছিল। কোপাই অশান্তির জেরে ২০০৮ সালে ২৪ দিনের মধ্যে আশ্রমের প্লট বদল করে সিল করে দেওয়া হয়েছিল। তৃণমূল জমানায় বারবার নবান্নে চিঠি পাঠিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। ইলামবাজারে একটা ৪ বিঘা চাষের জমি ছিল। সেটা চন্দ্রনাথ সিনহা এবং অনুব্রত মণ্ডলরা দখল করে নির্মাণও করে ফেলেছেন। থানা-আদালত দৌড়েও লাভ হয়নি।’
এই বিষয়গুলিই তুলে ধরা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। জানানো হয়েছে অভিযোগও। শারীরিকভাবে অসুস্থতার কারণে প্রবীণ শিল্পী নিজে বেশি কথা বলতে পারছেন না। তাই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দপ্তরে পরিবারের পক্ষ থেকে যাবতীয় বক্তব্য তুলে ধরেন পূর্ণদাস বাউলের পুত্র দিব্যেন্দু দাস এবং পুত্রবধূ অদিতি দাস। পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীকে জানান, ইলামবাজারের ভিটেমাটি হাতছাড়া হয়েছে। তাই বাধ্য হয়ে তাঁরা কলকাতায় এসে থাকছিলেন। কিন্তু দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় তাঁদের পৈতৃক বাড়িও বেআইনিভাবে বলপ্রয়োগ করে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং উচ্ছেদ করা হয়েছে।
তাছাড়া যে শিল্পী বাউল গান গেয়ে বিশ্বমঞ্চে বাংলার নাম উজ্জ্বল করেছে তাঁকে জীবনের শেষ প্রান্তে এসে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। মাথার ছাদ হারিয়ে এখন ন্যায়বিচারের আশায় দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে বাউল সম্রাট বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে খুব ভাল লাগছে। সমাধান হবে আশা করছি।’




