• facebook
  • twitter
  • youtube
Tuesday, 25 August, 2026

ধনঞ্জয়কে ‘স্লেজিং’ সরফরাজের, স্টাম্প মাইকে ধরা পড়ল ‘শব্দ-বাণ’, তারপরেই আউট শ্রীলঙ্কা অধিনায়ক!

দিনের একেবারে শেষ বলে তাঁর উইকেট পড়ে। সেই সময় হতাশা সামলাতে না পেরে ব্যাট দিয়ে বাউন্ডারি বোর্ডের কাঠের অংশে আঘাত করেন তিনি। ঘটনাটি আইসিসির নজর এড়ায়নি।

ধনঞ্জয়কে ‘স্লেজিং’ সরফরাজের, স্টাম্প মাইকে ধরা পড়ল ‘শব্দ-বাণ’, তারপরেই আউট শ্রীলঙ্কা অধিনায়ক!

Photo: X

কলম্বো টেস্টে তখন বল হাতে ভারতীয় বোলারদের দাপট অব্যহত। তার মধ্যেই মাঠে লেগে গেল ভারতীয় দলের ক্রিকেটার সরফরাজ খান এবং শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা-র মধ্যে। ব্যাট-বলের লড়াইয়ের মধ্যেই কথার লড়াই শুরু করে দেন দু’জনে। আর সেই কথোপকথন ধরা পড়ে যায় স্টাম্প মাইকে এবং মুহূর্তে ভাইরাল হয়ে যায় সরফরাজের ‘কাণ্ড’।

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শ্রীলঙ্কার ইনিংস চলাকালীন চোট পাওয়া ঋষভ পন্থের পরিবর্তে মাঠে নামা পরিবর্ত ফিল্ডার সরফরাজ খান কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ডানহাতি এই ব্যাটারকে বেশ চনমনে মেজাজে দেখা যায়। তাঁর লাগাতার স্লেজিংয়ের ফলেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা এবং নিরোশন ডিকওয়েলা-র উইকেট আসে।

সারফরাজের পরিকল্পনার প্রথম শিকার হন ধনঞ্জয়। তার কিছু পরেই উইকেটকিপার-ব্যাটার ডিকওয়েলাও তাঁর ‘শব্দবাণের’ ফাঁদে পা দেন। মঙ্গলবারের ম্যাচে সরফরাজের উপস্থিতি তাই ভারতের পক্ষে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ধনঞ্জয় যখন ব্যাট করছিলেন, তখন শর্ট লেগে দাঁড়িয়ে একের পর এক মন্তব্য ছুঁড়ে যাচ্ছিলেন তিনি। মানব সুথার একটি বল তাঁকে ডেলিভারির করার ঠিক আগে ধনঞ্জয় আচমকাই ক্রিজ থেকে সরে যান। বোলারের পিছনে অন্য কিছু নজরে পড়ছে কি না, তা দেখছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। সেই সুযোগ কাজে লাগাতে বিন্দুমাত্র ভুল করেননি তরুণ সরফরাজ।

স্টাম্প মাইকে তাঁকে বলতে শোনা যায়, ‘ভাই, কিছুই তো নেই। সোজা দিকে তাকাও না! বাঁ দিকে, ডান দিকে কেন তাকাচ্ছ? লং-অন আর লং-অফের দিকে কেন দেখছ? এ ভাবে শুধু সময় নষ্ট করছ! ভয় পেও না, খেলে যাও’।

এর পরেই ধনঞ্জয়কে ফের খোঁচা দেন তিনি। বলেন, ‘তুমিই তো ক্যাপ্টেন। তুমি তো এর জন্যই অপেক্ষা করছ’।

সারফরাজের এই মন্তব্যের পর অবশ্য বেশি সময় টেকেননি ধনঞ্জয়। মানভ সুতারের বলেই শ্রীলঙ্কার অধিনায়ককে আটকে দেন ভারতীয় স্পিনার। ৮ রানে ধনঞ্জয়ের ইনিংস শেষ হয়। বল ব্যাটের কানায় লেগে ধ্রুব জুরেলের গ্লাভসে যায়, সেখান থেকে বল ছিটকে বেরিয়ে গেলেও স্লিপে থাকা কেএল রাহুল ক্যাচটি ধরে ফেলেন। ১৩৭ রানে পঞ্চম উইকেট হারায় শ্রীলঙ্কা।

মাঠে সরফরাজের এই কথাবার্তা অবশ্য নতুন কিছু নয়। ভারতীয় দলের হয়ে খেলতে নামলে তাঁর চঞ্চল স্বভাব এবং ক্রমাগত ‘স্লেজিং’ প্রায়ই নজর কাড়ে। তবে এ বার তাঁর ‘ভাই, সময় নষ্ট করছ’ মন্তব্য স্টাম্প মাইকে ধরা পড়ায় তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও। মজার ব্যাপার হল, সারফরাজের কথার পরেই ধনঞ্জয়ের উইকেট। ফলে ভারতীয় সমর্থকদের একাংশ রসিকতা করে বলেছেন— কথায় খোঁচা, তার পরেই সুথারের ঘূর্ণিতে ধনঞ্জয়ের বিদায়!

শাস্তি জয়সূর্যর! কলম্বো টেস্টে তৃতীয় শাস্তি

অন্যদিকে, শাস্তির মুখে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রভাত জয়সূর্য। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন আউট হওয়ার পর ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারের অভিযোগে তাঁকে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ভারতের স্পিনার মানব সুথারের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফিরছিলেন জয়সূর্য। দিনের একেবারে শেষ বলে তাঁর উইকেট পড়ে। সেই সময় হতাশা সামলাতে না পেরে ব্যাট দিয়ে বাউন্ডারি বোর্ডের কাঠের অংশে আঘাত করেন তিনি। ঘটনাটি আইসিসির নজর এড়ায়নি।

আইসিসির নিয়মের ২.২ ধারায় আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম বা পরিকাঠামোর অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। সেই ধারাতেই দোষী সাব্যস্ত হয়েছেন জয়সূর্য।

এ নিয়ে কলম্বো টেস্টে ইতিমধ্যেই তিন ক্রিকেটার আইসিসির শাস্তির মুখে পড়লেন। প্রথম দিন যশস্বী জয়সওয়াল এবং শ্রীলঙ্কার পেসার অসিথা ফার্নান্ডোর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও শারীরিক সংঘর্ষের ঘটনায় দু’জনকেই ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। দু’জনের নামেই যোগ হয়েছিল একটি করে ডিমেরিট পয়েন্ট। বোঝাই যাচ্ছে, ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে শুধু ব্যাট-বলের লড়াই নয়, ক্রিকেটারদেরও সংঘর্ষ হচ্ছে। ফলে এই নিয়েও নজরদারি কড়া করেছে আইসিসি।