• facebook
  • twitter
  • youtube
Monday, 24 August, 2026

বিশ্বাসের সুযোগ নিয়ে হামলা পরিচারকের, প্রৌঢ়ার গলায় ছুরি ঠেকিয়ে লুট গয়না ও নগদ টাকা

প্রৌঢ়া কোনওভাবে বেঁচে যান। সেই ফাঁকে অভিযুক্ত গয়না ও টাকা নিয়ে পালিয়ে যান। কয়েক ঘণ্টা প্রৌঢ়া ওইভাবে পড়ে থাকার পর বিষয়টি অন্যান্যদের নজরে আসে। এরপর তাঁকে দ্রুত স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্বাসের সুযোগ নিয়ে হামলা পরিচারকের, প্রৌঢ়ার গলায় ছুরি ঠেকিয়ে লুট গয়না ও নগদ টাকা

Photo: পুজোর অধিকার রক্ষায় হাইকোর্টের দরজায় সেবায়েতরা,‘মন্দির থেকে বিগ্রহ সরানোর হুমকি’, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা।(AI)

খাস কলকাতায় একাকী প্রৌঢ়ার উপরে হামলার অভিযোগ। প্রৌঢ়ার একা থাকার সুযোগ নিয়ে গয়না ও প্রায় ৭০ হাজার টাকা নিয়ে পালাল বাড়ির পরিচারক। অভিযোগ, প্রৌঢ়ার গলায় ছুরি ঠেকিয়ে তাঁকে ভয় দেখানো হয়। তিনি প্রতিবাদ করলে গলায় বেল্ট জড়িয়ে মুখে বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করার চেষ্টা করা হয়। বর্তমানে প্রৌঢ়া হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতা পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, গোটা ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার জোড়াবাগানে। ওই প্রৌঢ়া মহর্ষি দেবেন্দ্র রোডের একটি বহুতলের পাঁচতলায় থাকতেন। সঞ্জয় ঘোষ নামে এক ব্যক্তি প্রৌঢ়ার বাড়িতে গত কয়েক বছর ধরে পরিচারকের কাজ করছেন। তিনি ওই বাড়িরই একতলায় থাকতেন। দীর্ঘদিন ধরে কাজ করার জন্য তিনি প্রৌঢ়ার বিশ্বাস অর্জন করে নিয়েছিলেন।

পুলিশ সূত্রের খবর, শনিবার দুপুরে মদ্যপান করে সঞ্জয় প্রৌঢ়ার ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে দেন। প্রৌঢ়া কিছু বুঝে ওঠার আগেই সঞ্জয় রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে মহিলার গলায় ধরেন। প্রৌঢ়া বাঁচার জন্য চিৎকার করতে শুরু করেন। কিন্তু মহিলার চিৎকার যাতে বাড়ির বাইরে না যায়, তার জন্য সঞ্জয় জোরে টিভি চালিয়ে দেন। প্রাণের ভয়ে প্রৌঢ়া চুপ করে থাকলে সেই সুযোগে অভিযুক্ত প্রৌঢ়ার থেকে চাবির গোছা কেড়ে নিয়ে আলমারি থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নেন। সেই সঙ্গে তাঁর গলা থেকে সোনার হার ও সোনার কানের দুল নিয়ে নেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, প্রৌঢ়া প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন। তখনই সঞ্জয় প্রৌঢ়ার গলায় বেল্টের ফাঁস দেন। তিনি তাতে বাধা দেওয়ার চেষ্টা করলে সঞ্জয় প্রৌঢ়ার মুখে বালিশ চেপে ধরেন। তিনি ছটফট করতে করতে অচৈতন্য হয়ে পড়েন। প্রৌঢ়া কোনওভাবে বেঁচে যান। সেই ফাঁকে অভিযুক্ত গয়না ও টাকা নিয়ে পালিয়ে যান। কয়েক ঘণ্টা প্রৌঢ়া ওইভাবে পড়ে থাকার পর বিষয়টি অন্যান্যদের নজরে আসে। এরপর তাঁকে দ্রুত স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে মহিলার পরিবারের সদস্যরা জোড়াবাগান থানায় অভিযোগ জানান।

আরও পড়ুন: ২৩ আগস্ট নয়, ফের বাড়ল রান্নার গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা

পুলিশ সূত্রের খবর, প্রৌঢ়া কিছুটা সুস্থ হওয়ার পরে পুলিশকে গোটা ঘটনাটি জানান। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। সেই সঙ্গে অভিযুক্তকে খোঁজার পাশাপাশি পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।